মিশরের মুখোমুখি হওয়ার আগে বার্তা দিলেন স্কালোনি
বিশ্বকাপের নকআউট পর্বে একের পর এক অঘটনই যেন নতুন বাস্তবতা তৈরি করেছে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ডসের মতো ঐতিহ্যবাহী দল বিদায় নিয়েছে প্রত্যাশার আগেই। এমন প্রেক্ষাপটে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির বিশ্বাস, এবারের বিশ্বকাপে কোনো দলকেই আলাদা করে শিরোপার স্পষ্ট দাবিদার বলা যাচ্ছে না।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় ডালাসে শেষ ষোলোয় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের আসরটি সব দলের জন্যই সমান কঠিন হয়ে উঠেছে। তার মতে, অতীতের অনেক বিশ্বকাপের মতো এবার কোনো দল ধারাবাহিকভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে নির্দিষ্ট কোনো দলকে ফেভারিট হিসেবে দেখার সুযোগ নেই।
স্কালোনির এই মন্তব্যের পেছনে রয়েছে চলতি আসরের নানা অপ্রত্যাশিত ফল। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে রাউন্ড অব ৩২ নিশ্চিত করলেও সেখানেই কেপ ভার্দের বিপক্ষে বড় পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।
শুধু আর্জেন্টিনাই নয়, অন্য শীর্ষ দলগুলোকেও কঠিন লড়াই করতে হয়েছে। গত দুই বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে। স্পেনও পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। অন্যদিকে টানা দুই দিনে বিদায় নিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। এর আগেই রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানি ও নেদারল্যান্ডসকে। আর প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ে তো গ্রুপ পর্বই পেরোতে পারেনি।
এসব উদাহরণ টেনে স্কালোনি বলেন, আগে বিশ্বকাপে কয়েকটি দলকে সহজেই শিরোপার প্রধান দাবিদার হিসেবে চিহ্নিত করা যেত। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। তার ভাষায়, চার-পাঁচটি দলকে কাগজে-কলমে ফেভারিট ধরা হলেও তারা এখনো বিশ্বকাপের আগে যে মানের ফুটবল দেখানোর প্রত্যাশা ছিল, সেই পর্যায়ের পারফরম্যান্স উপহার দিতে পারেনি।
এই পরিস্থিতির পেছনে কয়েকটি কারণও দেখিয়েছেন আর্জেন্টিনা কোচ। তার মতে, মৌসুমজুড়ে ক্লাব ফুটবলে ব্যস্ত থাকার কারণে খেলোয়াড়দের শরীরে ক্লান্তি জমে আছে। এর সঙ্গে দীর্ঘ ভ্রমণ, গরম আবহাওয়া, মাঠের অবস্থা এবং ঘাসের মানও প্রভাব ফেলছে। সব মিলিয়ে দলগুলোর জন্য নিজেদের সেরা ফুটবল খেলাটা কঠিন হয়ে উঠেছে।
তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট স্কালোনি। তার মতে, চারটি ম্যাচেই জয় পাওয়া ইতিবাচক দিক। তবে শুধু জয়ের মধ্যেই সন্তুষ্ট থাকার সুযোগ নেই। প্রতিটি ম্যাচের পরই উন্নতির জায়গা খুঁজে বের করতে হবে, কারণ নকআউট পর্বে সামান্য ভুলও বড় মূল্য চুকাতে বাধ্য করতে পারে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: