প্যারিসে কড়া নিরাপত্তা
ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ রাতের জন্য প্রস্তুতি নিচ্ছে প্যারিস। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্যারিস পুলিশ। প্রতিবেদন এএস স্পোর্টসের।
ফরাসি সময় বুধবার (৮ জুলাই) রাত ৯টা থেকে কার্যকর হওয়া বিশেষ আদেশের আওতায় শহরের বিভিন্ন এলাকায় নজরদারির জন্য নিরাপত্তা ড্রোন মোতায়েন করা হবে। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। একই সঙ্গে আতশবাজি, পটকা ও অন্যান্য সব ধরনের পাইরোটেকনিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফ্রান্স সেমিফাইনালে মরক্কোকে হারানোর পর ফ্রান্সজুড়ে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছিল। সে সময় দেশব্যাপী ২৬৬ জনকে আটক করা হয়, যার মধ্যে ১৬৭ জনই ছিলেন প্যারিসে।
সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস লিগ উদযাপনকে কেন্দ্র করে সহিংসতার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া শঁজেলিজে এলাকায় এবারও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য লুটপাট ঠেকাতে অনেক দোকান মালিক আগেভাগেই দোকানের সামনে সুরক্ষামূলক কাঠের ব্যারিকেড বসাচ্ছেন।
এ ছাড়া জনসমাগম নিয়ন্ত্রণে শঁজেলিজের আশপাশের একাধিক মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো লাইন–৬-এর চার্লস দ্য গল–এতোয়াল থেকে ত্রোকাদেরো পর্যন্ত স্টেশনগুলো সারা রাত বন্ধ থাকবে। পাশাপাশি লাইন–৮, ৯, ১২ ও ১৪-এর কয়েকটি স্টেশনও বন্ধ রাখা হবে।
ফরাসি সরকারের তথ্য অনুযায়ী, প্যারিস মহানগর এলাকায় প্রায় ৩ লাখ মরক্কো বংশোদ্ভূত মানুষের বসবাস রয়েছে। সারা ফ্রান্সে এই সংখ্যা প্রায় ২২ লাখ। বড় এই মরক্কান প্রবাসী জনগোষ্ঠী এবং ম্যাচটির গুরুত্ব বিবেচনায় এটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।
প্যারিস পুলিশ আদেশে বলা হয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে ঘিরে রাজধানীতে বড় ধরনের জনসমাগমের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ফ্রান্স ও মরক্কোর ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের উদযাপন বা হতাশা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: