[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ ০৯:০৭ এএম

বিশ্বকাপের উত্তাপের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্রে সংস্থাটির আর্থিক লেনদেন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'লা নাসিওন' জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যেই একাধিক সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএ যুক্তরাষ্ট্রের মাটিতে কীভাবে নিজেদের বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছে। বিশেষ করে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে হওয়া কোটি কোটি ডলারের লেনদেন যুক্তরাষ্ট্রের আইন মেনে হয়েছে কি না, কিংবা এর সঙ্গে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা অপরাধ জড়িত আছে কি না, সেটিই তদন্তের মূল বিষয়।

এ তদন্তে ইতোমধ্যেই ব্যবসায়ী গিয়ের্মো তোফোনিকে প্রায় তিন ঘণ্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেছেন ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটর এবং এফবিআইয়ের কর্মকর্তারা। তবে তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। তার নেতৃত্বে সংস্থার সিদ্ধান্ত ও আর্থিক কর্মকাণ্ডই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তদন্তে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তদন্তের পরিধি আরও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে। সূত্রগুলোর দাবি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সরকারের কয়েকজন সাবেক কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যারা সাম্প্রতিক বছরগুলোতে এএফএ'র কার্যক্রম তদারক করেছেন বা সংস্থার গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য সম্পর্কে অবগত, তাদের সাক্ষ্যও নেয়া হতে পারে।

জানা গেছে, ২০২৫ সাল থেকেই এই তদন্তের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল। বিশ্বকাপ চলাকালীন এমন তদন্তের খবর প্রকাশ্যে আসায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা ও চাপ তৈরি হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর