[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে সুইসদের নিয়ে সতর্ক আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোববার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর এবার ইউরোপীয় শক্তিমত্তার মুখোমুখি মেসিরা। প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে নিয়ে আর্জেন্টিনার কোচিং স্টাফের বিশ্লেষণে উঠে এসেছে এক কঠিন লড়াইয়ের পূর্বাভাস।

আর্জেন্টিনার কোচিং স্টাফের অন্যতম সদস্য এবং সাবেক ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক। তিনি সুইজারল্যান্ডকে কেবল শারীরিক শক্তির দল হিসেবে দেখতে নারাজ। স্যামুয়েল বলেন, ‘সুইজারল্যান্ড একটি সুসংগঠিত দল। তাদের শারীরিক শক্তির পাশাপাশি কৌশলগত দক্ষতাও দারুণ। বিশেষ করে গ্রানিত জাকা ও ম্যানুয়েল আকানজির মতো খেলোয়াড়রা দলের মেরুদণ্ড।’

স্যামুয়েলের মতে, সুইজারল্যান্ডের রক্ষণভাগ অত্যন্ত শান্ত এবং তারা নিচ থেকে নিপুণভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করতে জানে। তাই তাদের রক্ষণব্যূহ ভাঙা আর্জেন্টিনার জন্য সহজ হবে না।

প্রতিপক্ষের শক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেও, আর্জেন্টিনা নিজেদের ফুটবল দর্শন থেকে সরছে না। ওয়াল্টার স্যামুয়েল স্পষ্ট করে বলেন, ‘আমরা প্রতিপক্ষের দিকে নজর রাখি, তবে আমাদের মূল মনোযোগ আমাদের নিজেদের খেলার ওপর। আমাদের সেই নিজস্ব পরিচয় বা স্টাইলই আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, আমরা সেটিতেই আস্থা রাখছি।’

কোয়ার্টার ফাইনালের ঠিক আগে দলের ভেতরের উচ্চাকাঙ্ক্ষা গোপন রাখেননি স্যামুয়েল। তিনি জানান, ফাইনালে যাওয়ার স্বপ্ন এখন দলের প্রতিটি সদস্যের মনেই রয়েছে, তবে তারা তাড়াহুড়ো করতে চান না। ‘ফাইনালে পৌঁছানোর রোমাঞ্চ আমাদের অনুপ্রাণিত করছে। তবে আমরা ধাপে ধাপে এগোতে চাই। সুইজারল্যান্ড বাধা পার করাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য’, যোগ করেন তিনি।

কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে ‘ঘাম ঝরানো’ জয়ের পর সুইজারল্যান্ড ম্যাচটি আর্জেন্টিনার জন্য অগ্নিপরীক্ষা। বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে মেসিদের যেমন রক্ষণভাগ সামলাতে হবে, তেমনি মাঝমাঠে সুইজারল্যান্ডের কৌশলগত শৃঙ্খলা ভাঙার পরীক্ষাতেও পাশ করতে হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর