কোয়ার্টার ফাইনালে উঠতে না পেরেও রাজসিক সংবর্ধনা পেল মিসর
রূপকথার গল্প লেখা হলো না মিসরের। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়া দলটা সম্ভাবনা তৈরি করেছিল কোয়ার্টার ফাইনালে ওঠারও।
শেষ-১৬'র ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল আফ্রিকান দলটি। তবে বিশ্বচ্যাম্পিয়নদের অবিশ্বাস্য কামব্যাকে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
আর্জেন্টিনার বিপক্ষে মিসরের শেষ-১৬'র ওই ম্যাচে রেফারিং নিয়ে অসংখ্য বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ হারলেও অনেক সমর্থক মিসরকে প্রশংসায় ভাসাচ্ছেন। দেশটির সমর্থকরাও দলের এমন পারফরম্যান্সে বেজায় খুশি। আর তাই এবার দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মোহাম্মদ সালাহরা।
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে আজ দেশে ফিরেছেন সালাহরা। মিশরের উত্তরের উপকূলীয় শহর আল-আলামিনের আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে জড়ো হন শত শত সমর্থক।
বিমানবন্দরে পৌঁছানোর পর উচ্ছ্বসিত ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ফুটবলাররা। পরে একটি ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তারা। বাসের ওপর দাঁড়িয়ে খেলোয়াড়রা হাত নাড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন।
বিশ্বকাপে এবারই সবচেয়ে ভালো আসর কাটিয়েছে মিসর। নকআউট পর্বে এর আগে কখনো জয় না পাওয়া দলটি এবার শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। শেষ-১৬তে আর্জেন্টিনাকেও হারানোর দোরগোড়ায় ছিল তারা। তবে শেষ পর্যন্ত নাটকীয় প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নেয় লিওনেল মেসির দল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: