[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ইংলিশদের কাছে হারের পর লোগোও হারাল নরওয়েজিয়ান এয়ার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ে। মাঠের সেই হারের রেশ গিয়ে পড়েছে দেশটির অন্যতম প্রধান বিমান সংস্থা নরওয়েজিয়ান এয়ারেও। ইংল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক মজার বাজির শর্ত মেনে নিজেদের পরিচিত লোগো সরিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো বসিয়েছে প্রতিষ্ঠানটি। এনডিটিভি

দুই বিমান সংস্থার এই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের শুরু ৮ জুলাই। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ সামনে রেখে ব্রিটিশ এয়ারওয়েজকে অভিনব এক বাজির প্রস্তাব দেয় নরওয়েজিয়ান এয়ার। শর্ত ছিল, নরওয়ে জিতলে ব্রিটিশ এয়ারওয়েজকে এক দিনের জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে নরওয়েজিয়ানের লোগো ব্যবহার করতে হবে। আর ইংল্যান্ড জিতলে ঠিক উল্টোটা করবে নরওয়েজিয়ান।

প্রস্তাবের পর দুই প্রতিষ্ঠানের মধ্যে শুরু হয় রসিকতা ও কথার লড়াই। পরে নরওয়েজিয়ানের চ্যালেঞ্জ গ্রহণ করে ব্রিটিশ এয়ারওয়েজ। দুই বিমান সংস্থার প্রতিনিধিরা একটি ভিডিও প্রকাশ করে বাজির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেন। অল্প সময়ের মধ্যেই তাদের এই লোগো-বাজি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। লাখ লাখ মানুষ দুই প্রতিষ্ঠানের মজার কথোপকথন অনুসরণ করতে থাকেন।

তবে শেষ পর্যন্ত বাজির ফল নির্ধারণ করে দেয় মায়ামির মাঠ। উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় টমাস টুখেলের ইংল্যান্ড। সেই সঙ্গে বিশ্বকাপ অভিযান শেষ হয় নরওয়ের।

ম্যাচ শেষ হতেই নিজেদের দেওয়া কথা রাখে নরওয়েজিয়ান এয়ার। ২৪ ঘণ্টার জন্য ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজেদের পরিচিত লোগো সরিয়ে সেখানে ব্রিটিশ এয়ারওয়েজের লোগো বসায় তারা। পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজের প্রতীকসংবলিত একটি গ্রাফিকও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। সেখানে লেখা হয়, ‘ইটস কামিং হোম’ এবং ‘ভালো খেলেছ, ইংল্যান্ড ও ব্রিটিশ এয়ারওয়েজ।’

হার মেনে নিয়েও সৌজন্যের ঘাটতি রাখেনি নরওয়েজিয়ান। এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, তাদের বিশ্বকাপ অভিযান শেষ হলেও এই বন্ধুত্বপূর্ণ বাজির স্মৃতি হৃদয়ে থেকে যাবে। সেমিফাইনালের জন্য ইংল্যান্ড ও ব্রিটিশ এয়ারওয়েজকে শুভকামনা জানিয়ে ফুটবল ‘ঘরে ফেরানোর’ আশাও প্রকাশ করে তারা।

মাঠের হারের পর যাত্রীদের জন্যও চমক নিয়ে আসে নরওয়েজিয়ান এয়ার। যুক্তরাজ্য ও নরওয়ের মধ্যে চলাচলকারী সব রুটে ৪৮ ঘণ্টার বিশেষ ফ্ল্যাশ সেলের ঘোষণা দেয় বিমান সংস্থাটি। দুই দেশের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে যাত্রীদের ভ্রমণে বিশেষ ছাড়ও দেওয়া হয়।

জয়ের পর নরওয়েজিয়ানকে বন্ধুত্বপূর্ণ খোঁচা দিতে ছাড়েনি ব্রিটিশ এয়ারওয়েজ। ইনস্টাগ্রামে একাধিক ছবির একটি পোস্ট দিয়ে তারা লেখে, ‘৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বী, চিরদিনের বন্ধু। একটু প্রতিযোগিতা সবকিছুকে আরও আকর্ষণীয় করে তোলে।’ চ্যালেঞ্জ জানানোর জন্য নরওয়েজিয়ানকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠাও উদ্‌যাপন করে ব্রিটিশ বিমান সংস্থাটি।

দুই বিমান সংস্থার এই মজার লড়াইয়ে পরে যোগ দেয় আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। মালয়েশিয়া এয়ারলাইনস রসিকতা করে জানায়, বেশির ভাগ বিমান সংস্থার একটি লোগো বদলাতেই ছয় মাস ও ১৪টি অনুমোদন লাগে। নরওয়েজিয়ানের দ্রুত লোগো বদলের ঘটনায় তাই তাদের ‘সম্মান’ জানায় প্রতিষ্ঠানটি।

কেনিয়া এয়ারওয়েজ দুই বিমান সংস্থাকেই ‘দারুণ খেলেছ’ বলে অভিনন্দন জানায়। বেঙ্গালুরুর বিএলআর বিমানবন্দর মজা করে মন্তব্য করে, লোগোটি নিরাপত্তা তল্লাশি পার হতে পেরেছে। আর ভার্জিন অস্ট্রেলিয়ার ভাষায়, এটি ছিল এমন এক ‘ক্রসওভার পর্ব’, যা সবাই উপভোগ করেছেন।

ফলে মাঠে ইংল্যান্ড ও নরওয়ের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জমে ওঠে ভিন্ন এক প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত নরওয়ের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে, নরওয়েজিয়ান এয়ারকেও সাময়িকভাবে হারাতে হয়েছে নিজেদের লোগো। তবে দুই বিমান সংস্থার বন্ধুত্বপূর্ণ বাজি ফুটবলপ্রেমীদের দিয়েছে বাড়তি বিনোদন।

কোয়ার্টার ফাইনালের বাধা পেরোনো ইংল্যান্ডের সামনে এবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে মুখোমুখি হবে দু’দল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর