[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

আল নাসরে বেতন পাচ্ছেন না রোনালদোরা!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

গভীর আর্থিক সংকটে পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। ভয়াবহ তারল্যসংকটের কারণে জুনের পুরো বেতন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে সৌদি আরবের অন্যতম শীর্ষ এই ক্লাব। এই পরিস্থিতিতে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর কার্যক্রমও পুরোপুরি স্থগিত হয়ে গেছে, যা আগামী মৌসুমের প্রস্তুতি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

সৌদি সংবাদমাধ্যম ‘আল-রিয়াদিয়াহ’-এর প্রতিবেদন অনুযায়ী, তারল্যসংকটের কারণে ক্লাবটির দৈনন্দিন কার্যক্রম চালানোই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। মূল দলের অনেক খেলোয়াড় জুন মাসের বেতনের মাত্র আংশিক অর্থ পেয়েছেন, বাকি অর্থ কবে নাগাদ পরিশোধ করা হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ক্লাব কর্তৃপক্ষ সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়া রোনালদো এ মুহূর্তে পেশাদার ফুটবলারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে তার পারিশ্রমিক বছরে ২১ কোটি ডলারের বেশি। রোনালদো নাম লেখানোর পর আল নাসর খেলোয়াড় কেনায় ও অবকাঠামো খাতে প্রচুর বিনিয়োগও করেছে। তবে হঠাৎ কেন তারল্যসংকট, তা স্পষ্ট নয়।

এ সংকটের কারণে বর্তমানে আল নাসরের সব ধরনের নতুন খেলোয়াড় দলে নেওয়ার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। গত সপ্তাহে ক্লাব থেকে মার্সেলো ব্রোজোভিচ চলে যান। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডারের বিদায় দলের মাঝমাঠের জন্য বড় ধাক্কা হলেও আর্থিক সংকটের কারণে তার কোনো বিকল্প খোঁজার আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তি এগিয়ে নিতে পারছে না আল নাসর।

ক্লাবের নতুন কোচ আগনে পোস্কেকোগলু মৌসুমের শুরুতেই পড়েছেন বড় চ্যালেঞ্জের মুখে। সামনে সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট—এই চারটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে হবে আল নাসরকে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে নতুন খেলোয়াড় না নিতে পারলে দলের শক্তির ভারসাম্য বজায় রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এবারের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। এবার ক্লাবের এই অস্থিতিশীল পরিবেশ সব মিলিয়ে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সিআরসেভেনের জন্য। ফুটবল বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই তারকা এখন ক্লাবটির আর্থিক সংকটের এই উত্তাল সময়ে কী ভূমিকা নেন, সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর