[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

ফ্রান্সকে হারিয়ে ইতালির বিশ্বরেকর্ডে ভাগ বসাল স্পেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ০৮:০৭ এএম

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর আনন্দের সঙ্গে আরেকটি ঐতিহাসিক অর্জনও যোগ করেছে স্পেন। এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইতালির সর্বোচ্চ রেকর্ডে ভাগ বসিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

২০২৪ সালের ২৬ মার্চ কলম্বিয়ার কাছে প্রীতি ম্যাচে হারের পর আর কোনো ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি স্পেন। সেই থেকে শুরু হওয়া দুর্দান্ত যাত্রায় তারা জিতেছে ৩০টি ম্যাচ, ড্র করেছে ৭টি। এই ধারাবাহিকতায় তারা স্পর্শ করেছে ইতালির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি, যা আজ্জুরিরা গড়েছিল ২০১৮ সালের ১০ অক্টোবর থেকে ২০২১ সালের ৬ অক্টোবরের মধ্যে।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল স্পেন। প্রথমার্ধে মিকেল ওয়ারসাবালের পেনাল্টি থেকে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরো আরেকটি গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ে শুধু ফাইনালের টিকিটই নিশ্চিত হয়নি, ইতিহাসের পাতায়ও আরও একটি বড় দাগ কেটেছে স্প্যানিশরা।

ফ্রান্স ম্যাচের আগে স্পেনের অপরাজিত ম্যাচসংখ্যা ছিল ৩৬, যা ছিল আর্জেন্টিনার সমান। সেমিফাইনালের জয়ে তারা আর্জেন্টিনাকে ছাড়িয়ে এখন ইতালির সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘতম অপরাজিত ধারার মালিক।

এখন স্পেনের সামনে রয়েছে আরও বড় লক্ষ্য। বিশ্বকাপের ফাইনালে জিততে পারলেই ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালিকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলের নতুন রেকর্ড গড়বে ইউরোপের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর