ইতিহাসের দোরগোড়ায় আর্জেন্টিনা, ৬৪ বছরের অপেক্ষার অবসানের সুযোগ বিশ্বকাপ ফাইনালে
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে টানা দুই আসরে শিরোপা জয়ের কীর্তি গড়েছে মাত্র দুটি দল। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এই বিরল অর্জন এখন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে ইতালি ও ব্রাজিলের মধ্যে। এবার সেই তালিকায় নাম লেখানোর হাতছানি পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এরপর কেটে গেছে ৬৪ বছর। একের পর এক বিশ্বচ্যাম্পিয়ন এলেও কেউ টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০০২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালের ইতালি ২০১০ সালে ব্যর্থ হয়। ২০১০ সালের স্পেন ২০১৪ সালে শিরোপা ধরে রাখতে পারেনি। ২০১৪ সালের জার্মানি ২০১৮ সালে গ্রুপ পর্বেই ছিটকে যায়। ২০১৮ সালের ফ্রান্সও ২০২২ সালে ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারায়।
২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।
চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে আবারও ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফলে তাদের সামনে এখন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। ফাইনালে জিততে পারলে ইতালি (১৯৩৪-১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮-১৯৬২) পাশে জায়গা করে নেবে আর্জেন্টিনা। একই সঙ্গে ৬৪ বছর পর কোনো দল আবারও টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়বে।
শুধু শিরোপাই নয়, এই ম্যাচ আর্জেন্টিনার জন্য হতে পারে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লেখার উপলক্ষ। বিশ্বকাপ ধরে রাখা আধুনিক ফুটবলে অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জ। প্রতিটি আসরে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে, বেড়েছে প্রতিযোগিতা। তাই টানা দুইবার বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব আজও ফুটবলের অন্যতম দুর্লভ অর্জন হিসেবে বিবেচিত।
এখন পুরো ফুটবল বিশ্বের নজর আর্জেন্টিনার দিকে। তারা কি ইতালি ও ব্রাজিলের কাতারে নাম লেখাবে, নাকি ইতিহাসের সেই অপেক্ষা আরও দীর্ঘ হবে। তার উত্তর মিলবে ২০২৬ বিশ্বকাপের মহারণে। নিউ ইয়র্কের নিউ জার্সিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: