[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ২৩:০৭ পিএম

বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে নতুন এক উৎসবের জোয়ার। তরুণ থেকে প্রবীণ সবাই মেতে ওঠেন এই উন্মাদনায়। প্রায় মাসব্যাপী চলা আসরের শুরু থেকেই প্রিয় দলের পক্ষে-বিপক্ষে চলে তর্ক-বিতর্ক ও আলোচনা-সমালোচনা। ফুটবল বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে।

আগামী ১৯ জুলাই রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। এই মহাকাব্যিক লড়াই উপভোগ করতে ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে বিশাল সব ‘ওয়াচ পার্টি’। জেনে নিন রাজধানী ঢাকার কোথায় কোথায় বড় পর্দায় দেখা যাবে এই মহারণ:

ফুটবল উৎসবের আমেজ পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হতে পারে সেরা গন্তব্য। কোকা-কোলা বাংলাদেশের সহায়তায় এখানে বরাবরের মতোই হাজার হাজার সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে থাকছে বিশেষ আয়োজন, যেখানে অতিথি হিসেবে থাকবেন জাতীয় দলের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা থাকছে জগন্নাথ হল ও পুরো হলপাড়া এলাকা জুড়ে। মিরপুর অঞ্চলের বাসিন্দারা যেতে পারেন মিরপুর সিটি ক্লাব মাঠ অথবা মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে। বনানীবাসীদের জন্য খোলা আকাশের নিচে খেলা দেখার চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে কামাল আতাতুর্ক পার্কে, যেখানে ম্যাচ শুরুর আগে থাকছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গায়ক সঞ্জয়ের সরাসরি গান পরিবেশনা।

যারা একটু আরামদায়ক ও প্রিমিয়াম পরিবেশে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারের ব্যবস্থা। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভ্যাল, লেকশোর গ্র্যান্ড (গুলশান-২), হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ও ক্রাউন প্লাজাসহ বেশ কিছু পাঁচতারকা হোটেলে রয়েছে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সুব্যবস্থা।

এ ছাড়া গুলশান-১-এ পুলিশ প্লাজার পাশে অবস্থিত ‘এলিট কনভেনশন হল’, তেজগাঁওয়ের ‘আর্টিসান ওয়াচ পার্টি’ এবং মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে অবস্থিত ‘আইসিসিএল কনভেনশন হলে’ রয়েছে বড় পর্দায় সরাসরি খেলা দেখানোর আয়োজন। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে বসে খেলা উপভোগ করতে টিকিট কেটে নির্দিষ্ট ফি গুনতে হবে।

ফাইনাল ম্যাচের দিন এই ভেন্যুগুলোতে প্রচুর দর্শকের সমাগম হবে। তাই প্রিয় দলের জয় উদযাপন এবং ভিড় এড়াতে ম্যাচ শুরুর অন্তত এক ঘণ্টা আগেই পছন্দের ভেন্যুতে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। শিরোপার লড়াইয়ের সেই রোমাঞ্চকর রাতটি কাটুক ফুটবলের জয়গানে!

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর