আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন দলে শঙ্কার কালো মেঘ
১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠায় উচ্ছ্বসিত স্পেন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় জেতা বিশ্বকাপের সাফল্য পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে লুইস দে লা ফুয়েন্তের দল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে স্পেন শিবিরে এখন উদ্বেগের বড় কারণ তারকা উইঙ্গার লামিনে ইয়ামালের শারীরিক অবস্থা। প্রতিবেদন টিওয়াইসি স্পোর্টসের।
মাত্র ১৯ বছর বয়সেই স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠা ইয়ামাল সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন। যদিও তার করা একটি গোল সামান্য অফসাইডের কারণে বাতিল হয়, তবুও তিনি পেনাল্টি আদায় করে দেন, যেখান থেকে মিকেল ওইয়ারসাবাল স্পেনকে এগিয়ে দেন।
পুরো ম্যাচজুড়ে ইয়ামালের গতিময় ড্রিবলিংয়ে নাস্তানাবুদ হন ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিনিয়ে। শেষ পর্যন্ত তাকে বদলি হয়ে মাঠ ছাড়তে হয়। তবে ম্যাচ শেষে ইয়ামাল বাম উরুতে অস্বস্তি অনুভব করেন। পরে দলের মেডিকেল স্টাফ হোটেলে তার চিকিৎসা শুরু হয় এবং কোচিং স্টাফ আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্বকাপে আর্জেন্টিনার সবশেষ হারের ম্যাচের রেফারি এবার থাকছেন বিশ্বকাপ ফাইনালে
তবুও আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের মাত্র তিন দিন আগে বৃহস্পতিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত স্পেনের অনুশীলনে মূল দলের সঙ্গে দেখা যায়নি বার্সেলোনার এই তারকাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর ক্যামেরায় ধরা পড়ে, তিনি মাঠের পাশে বসে বাম উরুতে ব্যান্ডেজ বেঁধে পুনর্বাসনমূলক অনুশীলন করছেন।
বুট পরা থাকলেও ইয়ামাল কেবল ম্যাট এবং ফোম রোলার ব্যবহার করে হালকা রিহ্যাব সেশন সম্পন্ন করেন। মূল দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি তিনি।
ইয়ামালের পাশাপাশি আলাদা অনুশীলন করেছেন স্পেনের ডানপ্রান্তের ডিফেন্ডার পেদ্রো পোরো। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি দলের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। পুরো ম্যাচজুড়ে কিলিয়ান এমবাপ্পে, বারকোলা এবং মাইকেল অলিসেকে সামলাতে গিয়ে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে হয়েছে পোরোকে। সেই ক্লান্তি কাটিয়ে উঠতেই তাকে আলাদা অনুশীলন করানো হচ্ছে।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ ইয়ামাল ও পোরোর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই দুজনই সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরবেন এবং আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: