বিশ্বকাপ ফাইনালে খেলতে পারবেন তো চোটে পড়া ইয়ামাল!
পেদ্রো পোরোর হ্যামস্ট্রিংয়ে হালকা টান লেগেছিল সেমিফাইনাল ম্যাচে। তাই ঝুঁকি নেওয়া হয়নি। ফাইনালের কথা মাথায় রেখে যতটা সম্ভব বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। বিশ্রামে রাখা হয়েছে লামিনে ইয়ামালকেও।
বিশ্বকাপ ফাইনালের আগে উদ্বেগ লামিনে ইয়ামালকে নিয়ে। স্পেনের ১৯ বছরের স্ট্রাইকার আলাদা অনুশীলন করায় তৈরি হয়েছে জল্পনা। তাঁর কি চোট রয়েছে? ইয়ামালের সঙ্গে আলাদা অনুশীলন করেছেন ডিফেন্ডার পেদ্রো পোরোও।
বৃহস্পতিবার নিউ জার্সিতে গোটা স্পেন দল একসঙ্গে অনুশীলন করলেও ইয়ামাল এবং পোরো আলাদা গা ঘামিয়েছেন। হালকা অনুশীলন করেছেন দু’জনেই। স্বাভাবিক ভাবেই আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালের আগে প্রথম একাদশের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্পেন সমর্থকদের মধ্যে। যদিও সংবাদ সংস্থা রয়টার্সকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন উদ্বেগ উড়িয়ে দিয়ে জানিয়েছে, ১৯ জুলাই ফাইনালে দু’জনেই খেলবেন। গুরুতর কোনও চোট নেই ইয়ামাল বা পোরোর।
ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে দু’জনেই স্বচ্ছন্দে খেলেন। তার পর আলাদা অনুশীলন করায় ইয়ামাল এবং পোরোর ফাইনাল খেলা নিয়ে জল্পনা তৈরি হয়। স্পেনের ফুটবল কর্তারা জানিয়েছেন, চোটের জন্য দু’জন আলাদা অনুশীলন করেননি। তাঁদের শারীরিক ধকলের কথা মাথায় রেখেই আলাদা হালকা অনুশীলন করানো হয়েছে। এর সঙ্গে চোটের কোনও সম্পর্ক নেই। দু’জনকেই আর্জেন্টিনার বিরুদ্ধে ফাইনালে পাওয়া যাবে।
স্পেন শিবির সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই পুরোদমে অনুশীলন করতে পারেন তাঁরা। কারও ফিটনেস নিয়েই সমস্যা নেই। ফাইনালে ইয়ামাল এবং পোরো যাতে পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেন, তা নিশ্চিত করতেই হালকা অনুশীলন করানো হয়েছে বৃহস্পতিবার। শারীরিক ক্লান্তির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। সমর্থকদের অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
সরকারি ভাবে স্বীকার করা না হলেও রয়টার্স জানাচ্ছে, পোরোর হ্যামস্ট্রিংয়ে হালকা টান লেগেছিল সেমিফাইনাল ম্যাচে। তাই ঝুঁকি নেওয়া হয়নি। ফাইনালের কথা মাথায় রেখে যতটা সম্ভব বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। সঙ্গে চলছে প্রয়োজনীয় চিকিৎসা। ইয়ামালের কোনও চোট নেই। ফর্মে থাকা তরুণ স্ট্রাইকারকে ফাইনালে সম্পূর্ণ তরতাজা অবস্থায় পেতে চান কোচ লুই দে লা ফুয়েন্তে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: