বিশ্বকাপ জিতলেই জাতীয় দলকে বিদায় জানাবেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুয়েলা
বিশ্বকাপের ফাইনালের আগে স্পেন শিবিরে আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছেন ডিফেন্ডার মার্ক কুকুরেলা। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে স্প্যানিশ এই তারকা জানিয়েছেন, দল বিশ্বকাপ জিততে পারলে জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না।
রোববারের (১৯ জুলাই) ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ম্যাচটি ঘিরে যেমন লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই নিয়ে আলোচনা চলছে, তেমনি স্পেনের দুর্দান্ত রক্ষণভাগের অন্যতম ভরসা কুকুরেলার মন্তব্যও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
স্পেনের হয়ে পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। সাতটি ম্যাচের প্রতিটিতেই শুরুর একাদশে ছিলেন তিনি এবং এক মিনিটের জন্যও মাঠ ছাড়তে হয়নি। তার উপস্থিতিতে পুরো আসরে স্পেনের রক্ষণভাগ মাত্র একটি গোল হজম করেছে, যা দলটির ফাইনালে ওঠার অন্যতম বড় ভিত্তি।
বিশ্বকাপের আগে কুকুরেলা মজার ছলে বলেছিলেন, স্পেন শিরোপা জিতলে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু নিজের শরীরে আঁকাবেন। এবার সেই রসিকতার মাত্রা আরও বাড়িয়ে দিলেন চেলসির এই ডিফেন্ডার।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মভিস্টারপ্লাসে প্রকাশিত এক ভিডিওতে কুকুরেলা বলেন, স্পেন যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাহলে পরদিনই কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তার ভাষায়, ইউরো ও বিশ্বকাপ দুটি বড় শিরোপাই জিতে গেলে জাতীয় দলে আর কিছু অর্জনের বাকি থাকবে না।
মাত্র ২৭ বছর বয়সে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই বিস্ময়ের জন্ম দিয়েছে। কারণ, একজন ডিফেন্ডারের জন্য এটিকে সাধারণত ক্যারিয়ারের সেরা সময় হিসেবে ধরা হয়। ইউরো ২০২৪ জয়ের পর থেকেই স্পেনের রক্ষণভাগের অন্যতম অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন কুকুরেলা। এরপর বিশ্বকাপেও নিজের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এখন দেখার বিষয়, স্পেন যদি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয়, তাহলে কুকুরেলা সত্যিই নিজের ঘোষণায় অটল থাকেন কি না। নাকি ফাইনালের উত্তেজনার আবহে দেয়া এই মন্তব্য শেষ পর্যন্ত নিছক রসিকতাই হয়ে থাকে, সেটিই জানা যাবে শিরোপা নির্ধারণী ম্যাচের পর।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: