অপরাজিত চ্যাম্পিয়নের পুরস্কার পেলেন হকির মেয়েরা
দেশের হকি ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের ইতিহাস গড়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-২০ নারী হকি দল।
ওমানের মাস্কাটে এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি নিয়ে রোববার বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন বাংলার মেয়েরা। বিমানবন্দরে পা রাখতেই ইতিহাস গড়া এই দলটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা। মিষ্টিমুখ আর উৎসবমুখর সেই পরিবেশেই চ্যাম্পিয়নদের জন্য দেওয়া হয় তাৎক্ষণিক আর্থিক পুরস্কার।
বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাড-হক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ইশতিয়াক সাদেক ব্যক্তিগত উদ্যোগে পুরো দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেন। ইশতিয়াক সাদেকের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেন আহমেদ রাকিব। পুরষ্কার পাওয়াদের মধ্যে রয়েছেন চ্যাম্পিয়ন দলের ১৮ জন খেলোয়াড়, ১ জন কোচ এবং ২ জন ম্যানেজার। এছাড়া এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে যাওয়া বাংলাদেশি আম্পায়ারকেও ২৫ হাজার টাকা দিয়ে সম্মানিত করা হয়। সব মিলিয়ে ২৩ জনকে আর্থিক পুরষ্কার ও একটি করে সুইট বক্স দেওয়া হয়। এমন বিশেষ পুরস্কার পেয়ে খেলোয়াড়রা আপ্লুত হন।
দলের অধিনায়ক শারিকা সাফা রিমন বলেন, ‘আমরা আশাই করতে পারিনি যে দেশে ফিরে আমাদের জন্য এত কিছু রেডি থাকবে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিলাম। সেটা পূরণ করতে পেরেছি। সামনে এশিয়া কাপ রয়েছে, সেটার জন্য আমরা প্রস্তুতি নিব।’ দলের আরেক খেলোয়াড় ফাতেমাতুজ যোহরা দলের চ্যাম্পিয়ন হওয়ার গল্প শুনিয়ে বলেন, ‘আমাদের সবারই একটা আত্মবিশ্বাস ছিল যে, আমরা যদি সবাই একত্রে থাকি আমরা সবাই অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আসতে পারবো। আমরা মাঠে সবাই একত্রিত ছিলাম, এক হয়ে খেলতে পেরেছি তাই মানে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে দেশে ফিরতে পেরেছি। বিকেএসপি আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়, ফেডারেশন অনেক সুযোগ সুবিধা দেয়, যার কারণে এই টুর্নামেন্টে আমাদের যাওয়া এবং আমাদের একটাই টার্গেট ছিল আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে আসবো, দেশকে ট্রফি দিব।’
পাঁচ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রাটা ছিল একেবারে রূপকথার মতো, একটি ম্যাচেও হারের স্বাদ পায়নি দলটি। হংকং, উজবেকিস্তান, কাজাখস্তান ও পাকিস্তান এই চার প্রতিপক্ষকে নিয়ে আয়োজিত লিগ পর্ব থেকেই দাপট দেখাতে থাকে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৬-০ গোলে বিধ্বস্ত করে মিশন শুরু করেছিল বাংলার মেয়েরা। এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ে উজবেকিস্তানকে ১-০ গোলে, গ্রুপ পর্বে কাজাখস্তানকে ২-১ গোলে এবং পাকিস্তানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: