৪১ বছর বয়সেই মারা গেলেন কাইল বুশ
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিংয়ের (নাসকার) দুইবারের কাপ সিরিজ চ্যাম্পিয়ন কাইল বুশ (বয়স ৪১) মারা গেছেন। নাসকারের তিনটি জাতীয় সিরিজে সর্বাধিক রেস জয়ের রেকর্ডধারী এই ড্রাইভার হাসপাতালে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার (২১ মে) মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। খবর আল-জাজিরার।
বুশ পরিবারের পাশাপাশি রিচার্ড চিলড্রেস রেসিং এবং নাসকার এক যৌথ বিবৃতিতে জানায়, ‘গুরুতর অসুস্থতা’ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কাইল বুশের মৃত্যু হয়েছে। মাত্র তিন দিন পর তার শার্লট মোটর স্পিডওয়েতে অনুষ্ঠিত কোকা-কোলা ৬০০ রেসে অংশ নেয়ার কথা ছিল।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বুধবার কনকর্ডে একটি রেসিং সিমুলেটর টেস্টিং চলাকালীন বুশ হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে শার্লটের একটি হাসপাতালে নেয়া হয়। কাইল বুশ ছিলেন নাসকার হল অব ফেমার কার্ট বুশের ছোট ভাই। তিনি স্ত্রী সামান্থা এবং দুই সন্তান ব্রেক্সটন ও লেনিক্সকে রেখে গেছেন।
নাসকারের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পুরো নাসকার পরিবার কাইল বুশের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক বিরল প্রতিভা, যিনি প্রজন্মে একবারই আসেন। তিনি ছিলেন প্রতিযোগিতামূলক, আবেগপ্রবণ এবং অত্যন্ত দক্ষ একজন রেসার।’
বিবৃতিতে আরও বলা হয়, দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি জাতীয় সিরিজে সর্বাধিক জয়, সর্বোচ্চ স্তরে চ্যাম্পিয়নশিপ এবং ট্রাক সিরিজে তরুণ ড্রাইভারদের গড়ে তোলার কাজ করেছেন।
২০০৫ সালে রুকি অব দ্য ইয়ার জিতে তিনি নাসকার কাপ সিরিজে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি ২০১৫ ও ২০১৯ সালে চ্যাম্পিয়ন হন জো গিবস রেসিংয়ের হয়ে। ক্যারিয়ারে বুশ মোট ২৩৪টি জাতীয় সিরিজ রেস জয় করেন, যার মধ্যে ৬৩টি কাপ সিরিজ জয় এবং ১০২টি ও’রেইলি অটো পার্টস সিরিজ জয় (বর্তমানে এক্সফিনিটি নামে পরিচিত), পাশাপাশি ৬৯টি ট্রাক সিরিজ জয়; যা একটি রেকর্ড।
নাসকার ইতিহাসে অন্যতম সফল এই ড্রাইভারের মৃত্যুতে পুরো মোটরস্পোর্টস জগতে শোকের ছায়া নেমে এসেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: