[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেন: ফাইনালে পৌঁছে জোকোভিচের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নিজের সোনালি দিনগুলোর ঝলক দেখালেন নোভাক জকোভিচ। ইতালির ইয়ানিক সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। টেনিসের পেশাদার যুগে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে ফাইনালে পৌঁছানোর রেকর্ড গড়লেন সার্বিয়ান এই টেনিস তারকা।প্রতিবেদন আল জাজিরার।

অস্ট্রেলিয়ায় শুক্রবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় গভীর (মেলবোর্ন সময় শনিবার ভোর ১টা ৩২ মিনিটে) রাতে জয়ের স্বাদ পান জোকোভিচ। ৩৯তম জন্মদিনের চার মাস আগে ডাবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনারকে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারান জোকোভিচ। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই ম্যাচে সার্বিয়ান এই তারকা প্রমাণ করেন, নিজের দিনে তিনি এখনও প্রায় অপ্রতিরোধ্য।

ম্যাচ শেষে কোর্টে জোকোভিচ বলেন, ‘সত্যি বলতে বিষয়টা অবাস্তব লাগছে। চার ঘণ্টার বেশি সময় ধরে খেলেছি। ২০১২ সালের কথা মনে পড়ছিল, যখন রাফার (নাদাল) সঙ্গে ফাইনাল খেলেছিলাম, সেটা প্রায় ছয় ঘণ্টা চলেছিল।’

রসিকতা করে জোকোভিচ বলেন, ‘সিনারের বিপক্ষে ম্যাচের তীব্রতা ও খেলার মান ছিল অসাধারণ। জয়ের একমাত্র উপায়ই ছিল এই স্তরে খেলা। ও আমার বিপক্ষে টানা পাঁচটি ম্যাচ জিতেছিল, এমনকি আমার মোবাইল নম্বরও যেন মুখস্থ ছিল! তাই আজ রাতে নম্বর বদলাতে হলো।’

রোববারের ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ টেনিসের এক নম্বর কার্লোস আলকারাজ। তিনি টুর্নামেন্টের ইতিহাসের দীর্ঘতম সেমিফাইনালে আলেক্সান্ডার জ়ভেরেভকে হারিয়ে ফাইনালে উঠেছেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর