বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ও অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন।
তবে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উসমান খাজার জায়গায় ওপেনিংয়ে আস্থা রাখা হয়েছে অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাইয়ে।
সাম্প্রতিক অ্যাশেজ সিরিজে চোটের কারণে খেলতে পারেননি কামিন্স, হ্যাজলউড ও লায়ন। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে ফেরার পথে অ্যাকিলিসে চোট পেয়ে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে যান হ্যাজলউড। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয় লায়নকে। অন্যদিকে পিঠের নিচের অংশের চোট কাটিয়ে অ্যাডিলেড টেস্টে ফিরলেও অ্যাশেজ নিশ্চিত হওয়ার পর শেষ দুই টেস্টে বিশ্রাম দেওয়া হয় কামিন্সকে।
এই দুই পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। পরে আইপিএলে মাঠে ফিরে নিজেদের ফিটনেসের প্রমাণ দেন দুজনই। তাদের ফেরার ফলে সর্বশেষ স্কোয়াডে থাকা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট এবার মূল দল থেকে বাদ পড়েছেন। তবে নেসার, টড মারফি ও ডগেট সম্প্রসারিত স্কোয়াডের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে তাদের দলে নেওয়া হতে পারে।
পেস আক্রমণে কামিন্স ও হ্যাজলউডের সঙ্গে থাকছেন মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন নাথান লায়ন। অলরাউন্ডার হিসেবে রয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের জন্য বিকল্প তৈরি করতে পারবেন তারা।
ব্যাটিং বিভাগে বড় কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপরই ওপেনিংয়ের দায়িত্ব রাখার ইঙ্গিত দিয়েছেন নির্বাচকেরা। তাঁর সঙ্গে ইনিংস শুরু করতে পারেন ট্রাভিস হেড। মিডল অর্ডারে যথারীতি থাকছেন স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস। সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত রান না পেলেও লাবুশেনের ওপর আস্থা বজায় রেখেছে দল।
দল ঘোষণার পর নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘প্যাট, জশ ও নাথানকে আবার দলে ফিরে পেয়ে নির্বাচকেরা আনন্দিত। গত কয়েক মাসে তারা নিজ নিজ চোট কাটিয়ে ফিরতে ব্যক্তিগতভাবে এবং স্পোর্টস সায়েন্স ও মেডিসিন দলের সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন।’
তিনি আরও বলেন, এটি ১৩ সদস্যের দল হলেও ম্যাচের আগে প্রয়োজনে পরিবর্তন আনার জন্য আরও কয়েকজন খেলোয়াড় প্রস্তুত রয়েছেন। আগামী ১২ মাসে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সব সংস্করণেই আরও অনেক ক্রিকেটারের সুযোগ আসবে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে সাত জয় নিয়ে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট অর্জন করে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখাই হবে কামিন্সদের লক্ষ্য।
অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: