[email protected] মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬
৬ই শ্রাবণ ১৪৩৩

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১১:০৭ এএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপ হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মেগা টুর্নামেন্ট ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে দারুণ কিছু রূপকথা। তবে মাঠের রোমাঞ্চের পাশাপাশি মাঠের বাইরেও ছিল নানা বিতর্ক, সমালোচনা ও রাজনৈতিক উত্তাপ।

বিশ্বকাপের পরিধি বৃদ্ধি: সফল নাকি ব্যর্থ?

প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে অভিষেক হয়েছে কুরাসাও, কেপ ভার্দে, জর্ডান ও উজবেকিস্তানের মতো দেশের। দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তে টুর্নামেন্টের গুণগত মান কমে যেতে পারে—এমন আশঙ্কা করেছিলেন ফুটবল বিশ্লেষকদের একাংশ। তবে মাঠের লড়াই অনেকটা ভিন্ন গল্পই বলেছে।

মাত্র ৫ লাখ ৩০ হাজার জনসংখ্যার আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে লিখেছে চমকপ্রদ এক অধ্যায়। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা। এমনকি নকআউটে আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত লড়াইয়ে আটকে রাখে কেপ ভার্দে।

কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্স কিংবা জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কুরাসাওয়ের ইকুয়েডরের বিপক্ষে ড্র—এমন কিছু চমকপ্রদ ঘটনা ৪৮ দলের বিশ্বকাপকে দিয়েছে বাড়তি আকর্ষণ। এসব গল্প না থাকলে গ্রুপ পর্ব হয়তো অনেকটাই ম্যাড়মেড়ে হয়ে উঠত বলে মনে করেন অনেক বিশ্লেষক।

‘হাইড্রেশন ব্রেক’ নাকি বিজ্ঞাপনের সুযোগ?

খেলোয়াড়দের স্বাস্থ্য ও কল্যাণের কথা বিবেচনা করে প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতি চালু করে ফিফা। এমনকি আটলান্টা ও ড্যালাসের মতো শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও এই নিয়ম কার্যকর ছিল।

তবে এই বিরতি নিয়ে শুরু হয় বিতর্ক। সমালোচকদের অভিযোগ, খেলোয়াড়দের জন্য নেওয়া এই বিরতি শেষ পর্যন্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞাপন প্রচারের বড় সুযোগে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফক্স স্পোর্টসের মতো সম্প্রচারমাধ্যমে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন স্লটের মূল্য ছিল কয়েক লাখ ডলার, আর যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে সেই মূল্য আরও বেড়ে যায়।

দর্শকদের একাংশ মাঠে এই বিরতি নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও কোচরা অনেক সময় এটিকে কৌশলগত বিরতি হিসেবে কাজে লাগিয়েছেন। ফলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এই বিরতি কখনো কখনো কৌশল পরিবর্তনের সুযোগও তৈরি করেছে।

কলিনার নতুন নিয়ম ও দ্রুতগতির ভিএআর

খেলার গতি বাড়ানো এবং ইচ্ছাকৃত সময় নষ্ট বন্ধ করতে ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কলিনার নেতৃত্বে বেশ কিছু পরিবর্তন আনা হয়। ২০২২ কাতার বিশ্বকাপে অতিরিক্ত সময়ের কারণে ম্যাচের গড় দৈর্ঘ্য যেখানে ১০১ মিনিটের কাছাকাছি পৌঁছেছিল, এবার তা কমে গড়ে প্রায় ৯৬ মিনিটে নেমে আসে। এতে বল মাঠে থাকার সময় ও খেলার গতি—দুটিই বেড়েছে বলে মনে করেন অনেকে।

গ্রুপ পর্বে ভিএআর প্রযুক্তি নিয়ে বড় ধরনের সমস্যা দেখা না দিলেও নকআউট পর্বে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেওয়ার পর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাদের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে তদন্তের দাবি তোলে।

তবে ঘরোয়া লিগগুলোর তুলনায় বিশ্বকাপে ভিএআর রিভিউ তুলনামূলক দ্রুত সম্পন্ন হওয়ায় ম্যাচের গতি ধরে রাখার ক্ষেত্রে প্রযুক্তিটির কার্যকারিতা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

টিকিটের আকাশচুম্বী দাম ও আইনি বিতর্ক

টিকিটের চড়া মূল্য নিয়ে ব্যাপক সমালোচনা থাকলেও বিশ্বকাপের স্টেডিয়ামগুলো ছিল প্রায় কানায় কানায় পূর্ণ। টুর্নামেন্টজুড়ে রেকর্ড সংখ্যক দর্শক গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেছেন।

তবে ফিফার টিকিট বিক্রির প্রক্রিয়া এবং সেকেন্ডারি রিসেল প্ল্যাটফর্মে অতিরিক্ত ফি আদায় নিয়ে বিতর্ক তৈরি হয়। নিউইয়র্ক ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকেও এ বিষয়ে ফিফার কাছে ব্যাখ্যা চাওয়া হয় বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ ছাড়া টুর্নামেন্টের শুরুতে স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা নিয়েও সমালোচনা হয়। দর্শকদের চাপের মুখে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নেয় আয়োজক কর্তৃপক্ষ।

ট্রাম্পের হস্তক্ষেপ ও রাজনৈতিক বিতর্ক

২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই ভূরাজনীতি ও ভিসা-সংক্রান্ত জটিলতা আলোচনায় ছিল। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির কারণে বিভিন্ন দেশের সমর্থকদের একটি অংশ ভোগান্তিতে পড়েন। এমনকি সোমালিয়ার রেফারি ওমর আরতানকে মিয়ামি বিমানবন্দরে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনাও আলোচনায় আসে। ইরান দলকে যুক্তরাষ্ট্রে অবস্থানের ক্ষেত্রেও কঠোর ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়।

তবে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনকে ঘিরে। অভিযোগ ওঠে, তার লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন। পরবর্তী সময়ে তার শাস্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্ন ওঠে।

যদিও মাঠের পারফরম্যান্সে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র খুব বেশি দূর এগোতে পারেনি। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকরা।

ফাইনালের নতুন সমীকরণ

ফিফার নতুন সিডিং পদ্ধতির কারণে টুর্নামেন্টের শীর্ষ দলগুলোকে আগেভাগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেওয়া হয়। অনেকটা টেনিসের ড্রয়ের মতো কাঠামোয় সাজানো এই পদ্ধতিতে শীর্ষ দুই দল আর্জেন্টিনা ও স্পেন নিজেদের পথ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয়।

ফলে টুর্নামেন্টের শুরু থেকেই সম্ভাব্য ফাইনাল নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নেয়। আর্জেন্টিনা ও স্পেনের সেই ঐতিহাসিক ফাইনাল হয়ে ওঠে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আলোচিত অধ্যায়।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ ছিল নতুনত্ব, রোমাঞ্চ, বাণিজ্য ও বিতর্কের এক অনন্য মিশেল। ৪৮ দলের অংশগ্রহণে নতুন দেশগুলোর উত্থান যেমন টুর্নামেন্টে যোগ করেছে নতুন মাত্রা, তেমনি টিকিটের মূল্য, ভিসা জটিলতা, রাজনৈতিক হস্তক্ষেপ ও ভিএআর বিতর্ক তৈরি করেছে নানা প্রশ্ন।

তবে সব বিতর্ক ছাপিয়ে মাঠের নাটকীয়তা, ছোট দলগুলোর চমক এবং বিশ্বকাপের নতুন ইতিহাস ২০২৬ সালের আসরকে ফুটবল ইতিহাসের স্মরণীয় অধ্যায় হিসেবেই জায়গা করে দেবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর