মরক্কো ম্যাচের একাদশ চূড়ান্ত ব্রাজিলের, আত্মবিশ্বাসী আনচেলত্তি
আসন্ন ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত মহড়া সম্পন্ন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পানামাকে ৬-২ গোলে উড়ানোর পর শেষ প্রস্তুতি ম্যাচে আফ্রিকান পরাশক্তি মিশরকে ২-১ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা।
জোড়া প্রীতি ম্যাচে দলের চমৎকার পারফরম্যান্সে বিশ্বকাপের প্রথম ম্যাচের কৌশলী ছকও কষে ফেলেছেন ব্রাজিলিয়ান ডাগআউটের নতুন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ নিয়ে কোচের ধারণা এখন পুরোপুরি পরিষ্কার।
আগামী ১১ জুন পর্দা উঠবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত ফিফা বিশ্বকাপ। তবে ব্রাজিলের হেক্সা মিশন শুরু হচ্ছে আগামী ১৪ জুন ভোর ৪টায়, যেখানে তাদের মুখোমুখি হতে হবে গেল আসরের সেমিফাইনালিস্ট শক্তিশালী মরক্কোর। রোববার (৭ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভটন হান্টিংটন ব্যাংক ফিল্ডে মিশরের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে আনচেলত্তি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 'মরক্কোর বিপক্ষে খেলার জন্য আমি প্রাথমিক লাইনআপ পেয়ে গেছি। এখন আমার ধারণা পরিষ্কার।'
মিশরের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের বোঝাপড়া ছিল দেখার মতো। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার অনবদ্য জুটির প্রশংসা করে ইতালিয়ান এই কোচ বলেন, 'আমার মনে হয় ভিনিসিয়ুস ও রাফিনিয়া খুব ভালো কাজ করছে। তাদের দারুণ মিল, যা আমাদের সুযোগ করে দেবে। দুজনের মাঝে সমন্বয়টা খুব ভালো মনে হয়েছে আমার কাছে।'
টানা জয়ের মাঝে ব্রাজিল শিবিরে একমাত্র অস্বস্তি ডিফেন্ডার ওয়েসলির ইনজুরি। মাংসপেশির চোটের কারণে মরক্কো ম্যাচে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তবে আনচেলত্তি ব্যাকআপ প্ল্যানও তৈরি করে রেখেছেন। তার মতে, ওয়েসলি খেলতে না পারলে দানিলোকে রাইটব্যাক পজিশনে ব্যবহার করা হতে পারে, যিনি সব পজিশনেই খেলতে অভ্যস্ত। এছাড়া পানামা ম্যাচে ভালো করা ইবানেজও একটি বিকল্প হতে পারেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে আসা মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েস পরবর্তী ম্যাচে অপরিহার্য ভূমিকা পালন করবেন বলে নিশ্চিত করেছেন কোচ।
ম্যাচে গোল পাওয়া তরুণ সেনসেশন এন্ড্রিকের প্রশংসা করতে ভুলেননি আনচেলত্তি। তিনি বলেন, "এন্ড্রিক মানসম্পন্ন খেলোয়াড়। সে নিজের পজিশনে বেশ ভালো ছিল এবং স্কোরও পেয়েছে।" ম্যাথিউস কুনহা ফিনিশিং করতে না পারলেও বিল্ড-আপ গেমে তার অবদানের কথা উল্লেখ করেন তিনি।
কোচ মনে করেন, টুর্নামেন্টে সফল হতে হলে শুধু প্রথম একাদশ নয়, বেঞ্চের শক্তিও সমান গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, কাটাছেঁড়া ও পরীক্ষা-নিরীক্ষা শেষে মরক্কোকে রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত আনচেলত্তির ব্রাজিল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: