[email protected] শুক্রবার, ১২ই জুন ২০২৬
২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের ঠিক আগে ছিটকে গেলেন ব্রাজিলের ডিফেন্ডার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ জুন ২০২৬ ১১:০৬ এএম

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহেরও কম সময় আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার ওয়েসলি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এদেরসনকে।

রোববার (৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। জানানো হয়, শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ উরুর পেশিতে চোট পান ওয়েসলি। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। পরে পরীক্ষায় দেখা যায়, বিশ্বকাপে খেলার মতো অবস্থায় নেই ২১ বছর বয়সি এই ফুটবলার।

বিবৃতিতে সিবিএফ জানায়, 'ওয়েসলি দলের সবার প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে থাকা এই দলের অংশ হিসেবেই তাকে সবসময় বিবেচনা করা হবে।'

ওয়েসলির জায়গায় ২৬ বছর বয়সি মিডফিল্ডার এদেরসনকে ২৬ সদস্যের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব শিগগিরই তিনি যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে থাকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এরপর ২০ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে ব্রাজিল শিবিরে আরেকটি চোটের দুশ্চিন্তা রয়েছে। কাফের চোটে ভুগছেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার। ৩৪ বছর বয়সি এই তারকা দলের সঙ্গে ক্লিভল্যান্ড সফরেও যাননি। তার বিশ্বকাপ প্রস্তুতি ও প্রথম ম্যাচে খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর