মেসির চেয়ে বেশি গোল করবেন রোনালদো–এমবাপ্পের ভবিষ্যদ্বাণী
আসন্ন বিশ্বকাপে সর্বোচ্চ গোল কে করতে পারেন?–এমন বাজির দৌড়ে নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পের নামটাই এগিয়ে রাখবেন বেশিরভাগ সমর্থক।
কেউ কেউ আবার আর্লিং হলান্ড, লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর নামও রাখছেন। ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক এমবাপ্পে আসন্ন বিশ্বকাপে গোল সংখ্যায় রোনালদোকে মেসির চেয়ে এগিয়ে রাখলেও আসরের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নামটাই শীর্ষে রেখেছেন।
ইনস্টাগ্রামে কনটেন্ট ক্রিয়েটর ফিন আগোস্টিনেলি এবং সোরারে’র সঙ্গে এক সিরিজ র্যাপিড-ফায়ার প্রশ্নোত্তর পর্বে ২৭ বছর বয়সী এমবাপ্পেকে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলারদের মধ্যে পছন্দ করতে বলা হয়। সেখানে মেসি ও রোনালদোর দ্বৈরথে বিশ্বকাপজয়ী ‘গোট’কে পেছনে ফেলে কখনোই বিশ্বকাপ না জেতা পর্তুগিজ মহাতারকার নাম বেছে নেন এই ফরাসি তারকা।
মেসি ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেন। এখন সবার নজর ৪১ বছর বয়সী রোনালদোর দিকে, যিনি সৌদি আরবের আল নাসরে একটি দারুণ শিরোপাজয়ী মৌসুম কাটানোর পরও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব অর্জন থাকলেও তার ক্যারিয়ারে এখনও একমাত্র বড় ঘাটতি বিশ্বকাপের শিরোপা।
র্যাপিড ফায়ার পর্বে এমবাপ্পে রোনালদোকে বেছে নিলেও যখন প্রশ্ন আসে নিজের সঙ্গে রোনালদোর তুলনা নিয়ে, তখন এই ফরাসি তারকা নিজেকেই এগিয়ে রাখেন। এমবাপ্পে জানান, তিনি রোনালদোকেও ছাড়িয়ে যেতে চান।
এই ফরাসি তার রিয়াল মাদ্রিদ সতীর্থ এবং ব্রাজিল তারকা ভিনিসিউস জুনিয়রকেও সমর্থন দিয়েছেন। তার বিশ্বাস, লামিনে ইয়ামাল এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চেয়ে ভিনিসিউস বেশি গোল করবেন।
২০২৬ বিশ্বকাপ এমবাপ্পের জন্য আবেগঘন একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। ফ্রান্সের অধিনায়ক হিসেবে তিনি ২০২২ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেও দলকে শিরোপা ধরে রাখতে পারেননি। তিনি খোলাখুলিভাবে স্বীকার করেছেন, তিনি ওই ম্যাচটি আবার দেখতে চান না, কারণ সেটি তার মনে 'কিছু দুঃস্বপ্ন জাগিয়ে তুলতে পারে'।
২০২৬ বিশ্বকাপ রোনালদো ও মেসি দুজনের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। মেসির বিশ্বকাপে গোল ১৩টি এবং রোনালদোর ৮টি। তবে পর্তুগিজ কিংবদন্তি এখনও বিশ্বকাপের নকআউট পর্বে কোনো গোল করতে পারেননি, যা তার ক্যারিয়ারের একটি বড় অপূর্ণতা।
ফ্রান্স রয়েছে গ্রুপ আই-তে, যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক এবং নরওয়ে। তারা ১৬ জুন মেটলাইফ স্টেডিয়ামে তাদের অভিযান শুরু করবে। এমবাপ্পে এখন পর্যন্ত দুই বিশ্বকাপে ১২ গোল করেছেন, যার মধ্যে ফাইনালে চারটি গোল রয়েছে। মিরোস্লাভ ক্লোসার গড়া বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে তাকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: