[email protected] বৃহঃস্পতিবার, ১১ই জুন ২০২৬
২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পর্তুগালের জয়ের রাতে রোনালদোর গোলের সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১০:০৬ এএম

ফুটবল মাঠে গোল মিস নতুন কোনো ঘটনা নয়। তারকা-মহাতারকা, তরুণ-বুড়ো সবাই গোল মিস করেন। তবে মাঠে এমন কিছু খেলোয়াড় থাকেন যাদের গোল মিস মানেই দর্শকদের হৃদয়ে কষ্ট বাড়িয়ে দেয়া।

ক্রিশ্চিয়ানো রোনালদো তেমনই একজন। পর্তুগালের সুপারস্টার নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে। মূল মঞ্চে মাঠে নামার আগে পর্তুগাল গতকাল শেষ প্রস্তুতি ম্যাচ খেলেছে নাইজেরিয়ার বিপক্ষে। শিরোপা প্রত্যাশিরা ম্যাচ ২-১ গোলে জিতলেও রোনালদো তিনটি সুযোগ হাতছাড়া করেছেন। যা নিয়ে এখন ফুটবল বিশ্বে বেশ চর্চা হচ্ছে।

ম্যাচে ৭৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন রোনালদো। কিন্তু নিজের ছায়া হয়ে ছিলেন সিআর সেভেন। তিনটি বড় সুযোগ তৈরি হয়েছিল তার। তিনটিই মিস করেন। প্রথমার্ধে একটি। বাকি দুইটি বিরতির পর। এছাড়া বাকিদের সঙ্গে ছন্দ মিলিয়ে খেলতে কিছুটা বেগ পেতে হচ্ছিল তাকে। তাইতো প্রশ্ন উঠছে গঞ্জালো রামোস কি পর্তুগালের সেরা পছন্দ হওয়া উচিত নয়? দলটির ম্যানেজার মার্টিনেজকে বিরাট ভূমিকা রাখতে হবে সামনে।

লেইরিয়াতে ম্যাচের শুরুতে এগিয়ে যায় পর্তুগাল। পেড্রো নেটোর গোলে লিড পায় ইউরোর সাবেক চ্যাম্পিয়নরা। ১৪ মিনিটের ব্যবধানে নাইজেরিয়া সমতা ফেরায়। এরপর দ্বিতীয়ার্ধে ফ্রান্সিসকো কনসেইসাওর গোলে পর্তুগাল আবার এগিয়ে যায় এবং এই গোলেই জয়ের মুখ দেখে তারা। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচেও চিলির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল পর্তুগাল। জোড়া জয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে যেতে পারছে পর্তুগাল।

ম্যাচের শুরুতে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন রোনালদো। সহজতম সুযোগ নষ্ট করে নিজেও হতাশ হয়ে পড়েন সিআরসেভেন। তবে ২৩ মিনিটে পেড্রো নেটো দলকে এগিয়ে নেন দারুণ এক গোলে। ডি বক্সের ভেতরে দিয়েগো দালোতের বাড়ানো পাসে গ্রাউন্ড শটে লক্ষ্যভেদ করেন।

গোল করার পর হজমও করতে হয় পর্তুগালকে। ৩৭তম মিনিটে কাউন্টার অ্যাটাকে সমতা টানেন অ্যাডামস। চিলির বিপক্ষে যারা খেলেছিলেন তাদেরকে বিশ্রাম দিয়ে ৮ ফুটবলারকে মাঠে নামিয়েছিলেন মার্টিনেজ। খারাপ করেননি তারাও।

তবে রোনালদো বিরতি থেকে ফিরেও ছিলেন ছায়া হয়ে। আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি। কয়েক মিনিটের ব্যবধানে আরেকটি। পর্তুগাল শেষ পর্যন্ত জয় পায় ফ্রান্সিসকো কনসেইসাওর গোলে। বদলি নামা কনসেইসাওর দারুণ এক শটে পর্তুগাল জয়সূচক গোলটি পায়। ৮ পরিবর্তনের ম্যাচ শেষ পর্যন্ত জিতে পর্তুগাল হাসিমুখেই মাঠ ছেড়েছে।

আগামী বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর