[email protected] সোমবার, ১৫ই জুন ২০২৬
৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মরক্কোর বিপক্ষে রোববার ভোরেই মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন ম্যাচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ২১:০৬ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে অন্যতম আকর্ষণীয় এক লড়াই। গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে আফ্রিকার বর্তমান অন্যতম সেরা দল মরক্কোর। বিশ্ব ফুটবলের দুই ভিন্ন ধারার শক্তির এই দ্বৈরথ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

ম্যাচের তথ্য এক নজরে

ম্যাচ: ব্রাজিল বনাম মরক্কো

টুর্নামেন্ট: ফিফা বিশ্বকাপ ২০২৬, গ্রুপ ‘সি’

ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি

সময়: স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা, বাংলাদেশ সময় রোববার ভোর ৪টা

রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। অনলাইন প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে।

হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে ব্রাজিল

দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় রয়েছে ব্রাজিল। ২০০২ সালের পর আর ট্রফি ছোঁয়া হয়নি সেলেসাওদের। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে কার্লো আনচেলত্তির দল।

তবে বিশ্বকাপের প্রস্তুতি মোটেও মসৃণ ছিল না ব্রাজিলের জন্য। নতুন কোচ, চোটে জর্জরিত স্কোয়াড এবং বাছাইপর্বে অনিয়মিত পারফরম্যান্স—সব মিলিয়ে প্রশ্ন রয়েছে দলটিকে ঘিরে। গত পাঁচ বিশ্বকাপের চারটিতেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল এবার সেই ব্যর্থতার চক্র ভাঙতে চায়।

মরক্কো: চমক দেখানোর সামর্থ্য যাদের আছে

২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিল।

এবারও উত্তর আফ্রিকার দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, আজেদিন উনাহিদের মতো তারকাদের নিয়ে গড়া দলটি যেকোনো প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।

তবে বিশ্বকাপের আগে কোচ পরিবর্তনের ধাক্কাও সামলাতে হয়েছে মরক্কোকে। দীর্ঘদিনের সফল কোচ ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব ছাড়ার পর জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী কোচ মোহামেদ ওয়াহবি।

জয়ের সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে ব্রাজিল।

ব্রাজিলের জয়ের সম্ভাবনা: ৫৭.৭%

মরক্কোর জয়ের সম্ভাবনা: ১৮.৮%

ড্রয়ের সম্ভাবনা: ২৩.৫%

গ্রুপ ‘সি’র সমীকরণ

ব্রাজিল ও মরক্কোর সঙ্গে একই গ্রুপে রয়েছে হাইতি এবং স্কটল্যান্ড। বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল সরাসরি পরের পর্বে উঠবে। এছাড়া সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও জায়গা পাবে নতুন সংযোজিত ‘রাউন্ড অব ৩২’-এ।

সাম্প্রতিক ফর্ম

ব্রাজিল (শেষ পাঁচ ম্যাচ)

জয় – জয় – জয় – হার – ড্র

মরক্কো (শেষ পাঁচ ম্যাচ)

ড্র – জয় – জয় – জয় – ড্র

মুখোমুখি পরিসংখ্যান

এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ব্রাজিল দুইবার ও মরক্কো একবার জিতেছে। তবে সর্বশেষ সাক্ষাতে হাসি ছিল মরক্কোর মুখে। ২০২৩ সালের একটি প্রীতি ম্যাচে তারা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল। বিপে দুই দলের শেষ দেখা হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। সেই ম্যাচে রোনালদো, রিভালদো ও বেবেতোর গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

ইনজুরির ধাক্কা দুই শিবিরেই

ব্রাজিল দলে নেই রদ্রিগো, এস্তেভাও, এদের মিলিতাও ও ওয়েসলি। সবাই চোটের কারণে স্কোয়াডের বাইরে। এর সঙ্গে যোগ হয়েছে নেইমারের অনুপস্থিতি।

অন্যদিকে মরক্কোও পাচ্ছে না ডিফেন্ডার নায়েফ আগের্ড এবং উইঙ্গার আবদে এজালজুলিকে। শেষ প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ার পর তারা বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে গেছেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর