ফুটবলে বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’: স্বাস্থ্য সুরক্ষা নাকি ফিফার বাণিজ্যিক স্বার্থ?
বিশ্বজুড়ে চলছে ফিফা বিশ্বকাপের দামামা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসেছে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ফুটবলের মহোৎসব। কিন্তু চলমান বিশ্বকাপের ২৩তম আসরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার একটি নতুন নিয়ম নিয়ে তোলপাড় চলছে—বাধ্যতামূলক ‘হাইড্রেশন ব্রেক’।
প্রতিটি ম্যাচের প্রথমার্ধের ২২তম এবং দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে তিন মিনিটের এই বিরতি এখন বাধ্যতামূলক। ফিফা একে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দাবি করলেও, ফুটবলের অভ্যন্তরীণ ও বাণিজ্যিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
ফুটবল কর্তৃপক্ষের দাবি, উচ্চগতির আধুনিক ফুটবলে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী শারীরিক ঝুঁকির মুখে ফেলে। বিশেষ করে গ্রীষ্মকালীন টুর্নামেন্টগুলোতে তীব্র গরমে খেলোয়াড়দের সক্ষমতা ধরে রাখতে এই বিরতি অপরিহার্য। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি খেলোয়াড়দের হৃদযন্ত্র ও পেশির ওপর বাড়তি চাপ কমাতে সাহায্য করতে পারে। কোচরা এই সময়কে ব্যবহার করছেন ছোটখাটো কৌশলগত পরিবর্তনের সুযোগ হিসেবে।
সমালোচকদের মতে, এই বিরতি খেলার স্বাভাবিক গতিপ্রকৃতি বা ‘ফ্লো’ নষ্ট করে দিচ্ছে। ফুটবল একটি নিরবচ্ছিন্ন খেলার নাম। কোনো দল যখন আক্রমণের তোড়ে থাকে বা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়, ঠিক সেই মুহূর্তে তিন মিনিটের বিরতি তাদের মানসিক মনোযোগ ও শারীরিক ছন্দ নষ্ট করতে পারে। মাঠের দর্শকরাও অনেক সময় এই বিরতিকে অনাকাঙ্ক্ষিত বাধা হিসেবে দেখছেন, যা ম্যাচের উত্তেজনায় জল ঢেলে দেয়।
এই বিতর্কের সবচেয়ে স্পর্শকাতর দিকটি হলো এর বাণিজ্যিক প্রভাব। ফুটবলবোদ্ধাদের একাংশের মতে, খেলোয়াড়দের সুরক্ষার নামাবলি ব্যবহার করে ফিফা ও সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের একটি নতুন ক্ষেত্র তৈরি করেছে। টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের মতো আসরের প্রতিটি মুহূর্ত কোটি টাকার বিজ্ঞাপন মূল্যের সমান। ম্যাচ প্রতি এই ৬ মিনিটের বাড়তি সময় সম্প্রচারকদের জন্য বিজ্ঞাপন প্রচারের এক সোনালী সুযোগ তৈরি করেছে।
এই নিয়ম কেবল কি মাঠের খেলোয়াড়দের জন্য? নাকি এটি ফুটবলের বাণিজ্যিক ভবিষ্যতের একটি নতুন দিগন্ত? সমালোচকরা মনে করছেন, ফুটবলের ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণে এটি একটি 'ক্যালকুলেটেড' পদক্ষেপ, যা থেকে বিশাল অংকের রাজস্ব আদায় সম্ভব।
এই নতুন নিয়ম কি কেবল খেলোয়াড়দের সুরক্ষায় সীমাবদ্ধ থাকবে? নাকি ফুটবলের ঐতিহ্যবাহী নিয়মগুলো বাণিজ্যিক স্বার্থে একে একে পরিবর্তিত হতে থাকবে? উত্তরটি এখনই দেওয়া কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, আধুনিক ফুটবল এখন কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই; এটি একই সাথে একটি বিশাল বাণিজ্যিক শিল্পে পরিণত হয়েছে।
হাইড্রেশন ব্রেক ফুটবলারদের জীবন বাঁচাতে সাহায্য করছে কি না—তা প্রমাণ করতে হয়তো সময় লাগবে, কিন্তু এটি যে সম্প্রচার বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। ফুটবল বিশ্বের এখনকার বড় প্রশ্ন—ফুটবল কি খেলার সৌন্দর্য রক্ষা করবে, নাকি বাণিজ্যিক চাহিদার কাছে বারবার হার মানবে?
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: