শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় কেড়ে নিল কাতার
ম্যাচজুড়ে আধিপত্য দেখাল সুইজারল্যান্ড। প্রথমার্ধে পাওয়া পেনাল্টিতে গোল করে সুইজদের এগিয়েও দিয়েছিলেন ব্রিল এমবোলো। এরপর একের পর এক সেভ করে গেলেন কাতারের গোলরক্ষক আবুনাদা। সুইজারল্যান্ড যখন নিশ্চিত ৩ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করার স্বপ্নে বিভোর দৃশ্যপটে হাজির বুলায়েম খোখি। অতিরিক্ত সময়ের গোলে কাতারকে এনে দিয়েছেন মূল্যবান পয়েন্ট।
শনিবার (১৩ জুন) গ্রুপ বি'র ম্যাচে সুইজারল্যান্ডের একতরফা আধিপত্য সত্বেও ১-১ গোলে ড্র করেছে কাতার। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে খোখির গোলে ড্র নিশ্চিত হওয়ার পর কাতারের বেশ কয়েকজন খেলোয়াড় উচ্ছ্বাসে মাটিতে লুটিয়ে পড়েন, অন্যরা একে অপরের দিকে ছুটে গিয়ে আলিঙ্গন করেন।
সুইজারল্যান্ডের হয়ে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন এমবোলো, যিনি এক সপ্তাহেরও একটু বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা জটিলতা কাটিয়ে খেলার অনুমতি পান। তবে সুইস দল আরও কয়েকটি সুযোগ নষ্ট করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়।
১৩তম মিনিটে এমবোলোকে ফাউল করেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। সেই ঘটনার পর তিনি হলুদ কার্ড দেখেন। আবুনাদা কিছুক্ষণ মাটিতে উপুড় হয়ে প্রায় নিথর অবস্থায় ছিলেন, পরে ধীরে ধীরে নড়াচড়া শুরু করেন এবং উঠে দাঁড়াতে সক্ষম হন।
১৭তম মিনিটে এমবোলো শান্তভাবে স্পটকিকে বলটি জালে পাঠান। গোলের পর লেভিস স্টেডিয়ামে সুইস সমর্থকরা উল্লাসে মেতে ওঠে।
২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ৩ জুন সুইজারল্যান্ডের বার্নে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে জরুরি ভিসার জন্য আবেদন করেন। কারণ, ২০১৮ সালের একটি ফৌজদারি দণ্ডের কারণে তিনি দলের সাথে উড়ে যেতে পারেননি এবং তার তৃতীয় বিশ্বকাপের ফ্লাইটেও উঠতে ব্যর্থ হন।
অস্বাভাবিক গরম জুনের বিকেলে সুইজারল্যান্ড বল দখলে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে।
লেভিস স্টেডিয়ামে এদিন হাজার হাজার খালি আসন দেখা যায়। দুই বছর আগে কোপা আমেরিকায় একই মাঠে ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচে ৭০,৯৭১ জন দর্শক উপস্থিত ছিলেন। মাত্র চার মাস আগেই এই স্টেডিয়ামে সুপার বোল অনুষ্ঠিত হয়েছিল।
সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল দ্বিতীয় মিনিটেই একটি দারুণ সেভ করেন। এডমিলসন জুনিয়র ডিফেন্স ভেঙে ওয়ান-ওয়ান অবস্থায় চলে গিয়েছিলেন। কোবেল আবারও ৯০তম মিনিটে আহমেদ আলা আলদিনের কাছ থেকে নেয়া শট ঠেকান। তবে অতিরিক্ত সময়ে আর খোখিকে আটকাতে পারেননি।
কাতার চার বছর আগে প্রথম স্বাগতিক দেশ হিসেবে গ্রুপ পর্বে সব ম্যাচ হেরে বিদায় নেওয়ার নজির গড়েছিল। ২০২২ টুর্নামেন্টে তারা সেনেগাল, ইকুয়েডর ও নেদারল্যান্ডসের কাছে হারে এবং সেনেগালের বিপক্ষে ৩–১ ব্যবধানে পরাজয়ের দিনে একমাত্র গোলটি করেছিল। এবার প্রথম ম্যাচেই একটি পয়েন্ট অর্জন করে আসরে শুভসূচনা করল কাতার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: