নিজেদের বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টিনা ক্যাম্প ছাড়লেন কাপালদো
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আর মাত্র তিন দিন বাকি। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে থাকা দলের অনুশীলন ক্যাম্প ছেড়েছেন নিকোলাস কাপালদো। প্রতিবেদন আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টের।
জার্মান ক্লাব হামবুর্গের এই ডিফেন্ডার বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে ছিলেন না। তাকে মূলত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির জন্য ডেকেছিলেন কোচ লিওনেল স্কালোনি।
একসময় অবশ্য কাপালদোর বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ডান প্রান্তের দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গনসালো মনতিয়েলের চোটের কারণে তাকে বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। তবে দুজনই দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে সুযোগ হয়নি তার।
বিশ্বকাপের আগে স্কালোনি সাতজন অতিরিক্ত খেলোয়াড়কে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ ক্যাম্পে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং জাতীয় দলের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়া। কাপালদো ছিলেন সেই সাতজনের একজন।
হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে তিনি মাত্র আট মিনিট মাঠে ছিলেন। বাম উইং-ব্যাক হিসেবে খেললেও নিজেকে প্রমাণ করার মতো সময় পাননি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি। ওই ম্যাচে তার পরিবর্তে খেলেন আগুস্তিন গিয়াই।
স্কালোনির সঙ্গে থাকা অন্য অতিরিক্ত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রান ও হোয়াকিন ফ্রেইতাস, বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার তোমাস আরান্দা, রোসারিও সেন্ট্রালের ইগনাসিও ওভান্দো, পালমেইরাসের আগুস্তিন গিয়াই এবং ভেলেজ সার্সফিল্ডের ১৬ বছর বয়সী লেফট-ব্যাক সিমোন এসকোবার। এসকোবার ছাড়া বাকিরা ইতোমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকও সম্পন্ন করেছেন।
দলের বাকি ছয় অতিরিক্ত সদস্য এখনও কানসাস সিটিতে অবস্থান করছেন এবং শনিবারের (১৩ জুন) অনুশীলনেও অংশ নিয়েছেন। তবে বুধবারের মধ্যে তাদের নিজ নিজ ক্লাবে ফিরে যাওয়ার কথা রয়েছে। একমাত্র সিমোন এসকোবার কিছুটা বেশি সময় দলের সঙ্গে থাকতে পারেন। কারণ, নিকোলাস তাগলিয়াফিকোর চোটের কারণে অনুশীলনে তার প্রয়োজন হতে পারে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: