ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা?
বিশ্বকাপে টানা তিনবার জায়গা না পাওয়ার হতাশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কোচ খোঁজা শুরু করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
আর এই কোচ খোঁজার দৌড়ে তালিকার শীর্ষে উঠে এসেছে বর্তমান সময়ের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার নাম। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন যে, ইতালির পরবর্তী প্রধান কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে গার্দিওলার সঙ্গে আলোচনা হয়েছে।
ইতালিয়ান সংবাদমাধ্যম ‘গাজেত্তা দেলো স্পোর্ত’-কে দেওয়া সাক্ষাৎকারে জিওভান্নি মালাগো বলেন, ‘ব্যতিক্রম কিছু করা হচ্ছে (প্রয়োজনে বেশি অর্থিক সুবিধার অফার), এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম পেপ গার্দিওলাকে ঘিরে হতে পারে। কিছু স্পষ্ট কারণ রয়েছে, যেগুলো এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তবে এটাও এখনই নিশ্চিত নয় যে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হবে।’
গত এপ্রিল মাসে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকেই ইতালির কোচের পদটি শূন্য রয়েছে। তার অধীনেই দলটি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল আজ্জুরিরা। এরপর থেকেই নতুন কোচ খুঁজছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে কেবল গার্দিওলা একমাত্র প্রার্থী নন, সম্ভাব্য কোচের তালিকায় রয়েছেন ইউরো ২০২০ জয়ী কোচ রবার্তো মানচিনি এবং সাবেক ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোও।
তবে মালাগো জানিয়েছেন, আলোচনায় থাকা নামের সংখ্যা আরও বেশি। এই তিনজনই কি শর্টলিস্টে আছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'একেবারেই তা নয়। আমরা একটি নির্দিষ্ট ধরনের প্রোফাইল বিবেচনা করছি এবং অবশ্যই এই নামগুলো সেই শ্রেণির মধ্যে পড়ে।'
শেষ পর্যন্ত গার্দিওলা ইতালির দায়িত্ব গ্রহণ করলে, তিনি হবেন গত প্রায় ৬০ বছরের মধ্যে দেশটির মাত্র দ্বিতীয় বিদেশি কোচ। এর আগে ১৯৬৬ থেকে ১৯৬৭ সালের মধ্যে আর্জেন্টাইন কোচ হেলেনিও হেরেরা ইতালির দায়িত্ব পালন করেছিলেন, তখন অবশ্য ইতালিয়ান কোচ ফেরুচ্চিও ভালকারেজ্জির সঙ্গে যৌথভাবে কাজ করেছিলেন তিনি।
উল্লেখ্য, গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক সফল অধ্যায়ের ইতি টেনেছেন গার্দিওলা। এই অধ্যায়ে সিটিকে এনে দিয়েছেন ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও অসাধারণ সফল সময় কাটিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, ক্লাব ফুটবলের পাট চুকিয়ে তিনি ইতালির জাতীয় দলের ডাগআউটে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জটি গ্রহণ করেন কি না।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: