মেসিকে ডি মারিয়ার আবেগঘন বার্তা, ‘তোমার নাম চিরকাল অমর হয়ে থাকবে’
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় লিওনেল স্কালোনির দল। তবে শিরোপা জিততে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে অধিনায়ক লিওনেল মেসির পারফরম্যান্স আবারও মুগ্ধ করেছে ফুটবলবিশ্বকে।
বিশ্বকাপ শেষ হওয়ার পর মেসিকে উদ্দেশ্য করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই চিঠিতে মেসির প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।
ডি মারিয়া লেখেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকাকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য ধন্যবাদ। একজন ফুটবলার হিসেবে এবং একজন মানুষ হিসেবেও তুমি আমাদের জন্য অনুকরণীয়। তুমি ইতিহাসের সর্বকালের সেরা।’
চিঠির শেষদিকে মেসিকে উদ্দেশ্য করে আরও আবেগঘন বার্তা দেন ডি মারিয়া। তিনি লেখেন, ‘তোমার নাম চিরকাল অমর হয়ে থাকবে।’
ডি মারিয়ার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মেসির প্রতি সাবেক সতীর্থের ভালোবাসা ও শ্রদ্ধার এমন প্রকাশে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনার সমর্থকেরাও।
৩৯ বছর বয়সেও এবারের বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেসি। পুরো আসরে ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন তিনি। তার নেতৃত্বে একের পর এক বাধা পেরিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় আলবিসেলেস্তেদের।
মেসি ও ডি মারিয়ার বন্ধুত্ব এবং মাঠের বোঝাপড়া আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ২০২২ সালের বিশ্বকাপ জয়ে দুজনই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে সেই ফাইনালে ডি মারিয়ার গোল আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। এর আগে ২০২১ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ী দলেও একসঙ্গে খেলেছেন তারা।
সর্বশেষ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ডি মারিয়া। জাতীয় দল থেকে সরে গেলেও মেসির প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা যে অটুট, তা আবারও প্রকাশ পেল এই আবেগঘন বার্তায়। বিশ্বকাপের হতাশার মাঝেও ডি মারিয়ার এই চিঠি মেসি ও আর্জেন্টিনার সমর্থকদের জন্য হয়ে উঠেছে বিশেষ এক আবেগের মুহূর্ত।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: