ফিফার শাস্তির শঙ্কায় পারেদেস, জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত?
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর হতাশা প্রকাশ করতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তার সেই বার্তাকে ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা—আন্তর্জাতিক ফুটবল থেকে কি বিদায় নিতে চলেছেন এই আর্জেন্টাইন তারকা?
শিরোপা জিততে না পারার হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পারেদেস লেখেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। আজ এবং সবসময় তোমাদের ভালোবাসি। যে আনন্দ আমাদের দেশের মানুষের প্রাপ্য ছিল, তা দিতে না পারায় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই বার্তা লিখছি। তবে একই সঙ্গে আমার হৃদয় গর্বে পূর্ণ। আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়েছি এবং আমাদের পতাকাকে আবারও উঁচুতে তুলে ধরেছি।’
সতীর্থদেরও ধন্যবাদ জানান পারেদেস। তিনি বলেন, প্রতিটি ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত আর্জেন্টিনার জার্সির মর্যাদা রক্ষায় সতীর্থরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন। এমন একটি দলের অংশ হতে পারাকে নিজের জন্য পরম সম্মানের বলেও উল্লেখ করেন তিনি।
পারেদেসের এই আবেগঘন বিদায়ী বার্তার মতো বক্তব্য দেখেই আর্জেন্টাইন সংবাদমাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। যদিও তিনি সরাসরি অবসরের ঘোষণা দেননি, তার বক্তব্যে বিদায়ের ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে।
এরই মধ্যে ফাইনালের পর ঘটে যাওয়া এক বিতর্কিত ঘটনায় ফিফার তদন্তের মুখেও পড়েছেন এই মিডফিল্ডার। স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিশ্চিত হওয়ার পর শেষ বাঁশি বাজতেই মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন কয়েকজন ফুটবলার।
ভিডিও ফুটেজে পারেদেসকে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কি এবং শারীরিক সংঘর্ষে জড়াতে দেখা যায়। তবে ম্যাচ পরিচালনাকারী স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ তাকে লাল কার্ড দেখাননি।
ঘটনাটি অবশ্য ফিফার নজর এড়ায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পারেদেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলামূলক তদন্ত শুরু হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তিনি।
বিশ্বকাপ মিশন শেষ করে এরই মধ্যে নিজের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরেছেন পারেদেস। অনুশীলনে যোগ দেওয়ার আগে পরিবারের সঙ্গে কিছুদিন ছুটি কাটানোর কথা রয়েছে তার। এখন সবার নজর ফিফার তদন্তের ফলাফল এবং পারেদেসের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের দিকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: