[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

প্রথমবার অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

জামাল ভূঁইয়া নাম শোনার পর স্বাভাবিকভাবেই তার ফুটবল খেলার কথা মনে পড়বে। তবে এবার সেই চেনা ছন্দের বাইরে গিয়ে হাজির হলেন ক্যামেরার সামনে।

‘ব্রাজেন্টিনা’ নামের একটি সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ ফুটবল দেলের এই অধিনায়ক। রাজধানীর কলাবাগানের একটি মাঠে সোমবার (১৫ জুন) সিরিজটির শুটিং শুরু হয়েছে। এবারের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সিরিজটি নির্মাণ করছেন তারিক মুহাম্মদ হাসান।

এ নির্মাতা অবশ্য আগেও ফুটবলার ও ক্রিকেটারদের নিয়ে নাটক তৈরি করেছেন। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে জুটি করে ‘টি-টুয়েন্টি’, ক্রিকেটার জাহানারা আলমের সঙ্গে অভিনেতা নিলয় আলমগীরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘ট্রাইবেকার’ নির্মাণ করেছেন।

এবার অভিনেত্রী তাসনুভা তিশার সঙ্গে ফুটবল তারকা জামাল ভূঁইয়াকে নিয়ে বানাচ্ছেন ‘ব্রাজেন্টিনা’। এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমকে এই ফুটবলার বলেন, গত কয়েক মাস ধরেই কাজটি নিয়ে কথা চলছিল। শুরুতে না করেছিলাম, বলেছি পারব না। কিন্তু নির্মাতা বারবার ট্রাই করেন। চার বছর আগেও একবার করতে চেয়েছিলেন। তখন আমার সময় ছিল না। তিনি ফের যোগাযোগ করেন এবার। আমাকে কনভিন্স করেছেন, সাহসও দিয়েছেন।

জামাল ভূঁইয়া বলেন, আমাকে নির্মাতা বলেছেন, আমিনুল ভাই, আশরাফুল ভাইকে নিয়ে কাজ করেছেন―এসব শুনে অবশ্য কিছুটা আশ্বস্ত হয়েছি। তার আগের কাজগুলো দেখেছি। আশরাফুল ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন- করেন করেন। আমিও ভাবলাম, চেষ্টা করে দেখি।

এ ফুটবলার জানান, কলাবাগানের এই মাঠেই ক্যারিয়ার শুরু হয়েছে তার। আর সেই মাঠেই শুটিং করছেন। সবমিলে মাঠটি নিয়ে অনেক স্মৃতি তার। এছাড়া কাজের ব্যাপারে বলেন, আগে কখনো অভিনয় করিনি, কখনো করব বলেও ভাবিনি। আমার কাছে শুটিংয়ের বিষয়টি ম্যাজিকাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটি আলাদা। অভিনয়ের ব্যাপার অন্যরকম, সহজ নয়। নাটকে যাদের সঙ্গে কাজ করছি, তারা সবাই পেশাদার। তবে অভিনয়টা উপভোগ করছি, কিন্তু কিছুটা মুশকিলই মনে হচ্ছে।

প্রসঙ্গত, ৮ পর্বের ‘ব্রাজেন্টিনা’ সিরিজটিতে জামাল ভূঁইয়া ও তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী লামিমা লাম, অভিনেতা শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী, ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে সিরিজটির।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর