[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

মেসি-মার্তিনেজকে নিয়ে মাঠে নামতে প্রস্তুত আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা যাবে লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজকে।

আগামীকাল (বুধবার, ১৭ জুন) সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কলোনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তারকাকে নিয়ে দিয়েছেন সুখবর।

দলের অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে স্কালোনি বলেছেন, ‘লিও সব সময়ই আমাদের সঙ্গে ছিল এবং সব সময়ই দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এখন সে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাকে ভালো অবস্থায় দেখা যাচ্ছে।’

মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজকে নিয়েও আশাবাদী বিশ্বকাপজয়ী এই কোচ। আলভারেজ সম্পর্কে তিনি বলেন, ‘জুলিয়ানের গোড়ালিতে সমস্যা ছিল, তবে তার পুনর্বাসন সফল হয়েছে। আগামীকালের ম্যাচের জন্য সে প্রস্তুত এবং আমাদের জন্য একটি বিকল্প।’

গত মঙ্গলবার আলাবামার অবার্নে বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ম্যাচে মাঠে নেমে গোলের দেখা পান মেসি। ওই ম্যাচের পর মেসিকে নিয়ে শঙ্কার কালো মেঘ সরে গিয়েছিল। তবুও আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন ছিল।

এদিকে আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে উঠে মাঠে ফেরার অপেক্ষায় মার্তিনেজ। অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষক গত ২০ মে উয়েফা ইউরোপা লিগ ফাইনালে ফেইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান। পরীক্ষায় সেখানে হাড়ে ফাটল ধরা পড়ে।

প্রাথমিক পুনর্বাসন পর্যায়ে মার্তিনেজকে আঙুলে স্প্লিন্ট ব্যবহার করতে হয়েছে এবং তিনি এক হাতেই অনুশীলন চালিয়ে গেছেন। তবে গত ১১ জুন তিনি দুই গ্লাভস পরে পূর্ণমাত্রার গোলকিপিং অনুশীলনে অংশ নেন, যা তার সুস্থতার পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

স্কালোনি তাকে নিয়ে বলেছেন, ‘এমিলিয়ানো ভালো আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আমার মনে হয় সে খেলবে। দলের কৌশলগত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমরা সব সময় বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করি। ম্যাচের শুরুতে বা ম্যাচ চলাকালীন বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। দলের মূল দর্শন একই থাকবে, তবে আমরা কিছু বিকল্প নিয়ে অনুশীলন করেছি।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর