[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

৬৪ সেকেন্ডের ম্যাজিকাল গোলে প্যারাগুয়ের কাছে হেরে তুরস্কের বিদায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১৮:০৬ পিএম

৬৪ সেকেন্ডই ম্যাচের ভাগ্য বদলে দিলো। খেলা শুরুর সেই ৬৪ সেকেন্ডে করা একমাত্র গোলই শেষ পর্যন্ত তুরস্কের বিদায় নিশ্চিত করে দিল বিশ্বকাপ থেকে। ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষে সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি তুরস্ক। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় ১-০ ব্যবধানের হার এবং গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায়।

সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে চমক দেখায় প্যারাগুয়ে। কিক-অফের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। দ্রুত গোল খেয়ে চাপে পড়ে যায় তুরস্ক।

প্রথমার্ধে কিছুটা সময় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তুরস্ক বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়ে লিড ধরে রেখে প্রতিআক্রমণে ভয় ধরিয়ে দেয় প্রতিপক্ষকে।

ম্যাচের মোড় ঘুরে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু বলছিলেন আলমিরণ। বিষয়টি তুরস্কের খেলোয়াড়রা রেফারির নজরে আনার সঙ্গে সঙ্গে ভিএআর পর্যালোচনায় সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। নতুন ফিফা নিয়ম অনুযায়ী এটি ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ধরা হয়।

১০ জনে নেমে গেলেও দ্বিতীয়ার্ধে রক্ষণে আরও সংগঠিত হয়ে ওঠে প্যারাগুয়ে। তুরস্ক একাধিক আক্রমণ সাজালেও প্রতিবারই বাধা হয়ে দাঁড়ায় প্যারাগুয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক।

শেষ পর্যন্ত সেই দ্রুত পাওয়া একমাত্র গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ১-০ গোলের এই জয়ে নকআউট পর্বের আশা টিকিয়ে রাখে প্যারাগুয়ে, আর টানা দুই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তুরস্ক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর