রাফিনিয়ার বিশ্বকাপ কি শেষ? যা জানাল সিবিএফ
বিশ্বকাপে হেক্সা মিশনে হাইতির বিপক্ষে ৩-০ গোলের শ্বাসরুদ্ধকর জয় পেলেও ব্রাজিল শিবিরে এখন বড় দুশ্চিন্তার নাম রাফিনিয়া। ম্যাচ চলাকালীন ডান উরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে এই তারকা উইঙ্গারকে। তার বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ কি না, তা নিয়ে এখন চলছে জোর জল্পনা।
ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান উরুর পেছনের পেশিতে ব্যথা অনুভব করেন রাফিনিয়া। ৪০ মিনিটে বদলি হওয়ার পর বেঞ্চেই তার প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। পরে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আনুষ্ঠানিকভাবে তার পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে।
পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রাফিনিয়ার চোটের মাত্রা নির্ধারণ করা হবে। এরপরই বোঝা যাবে আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ কিংবা টুর্নামেন্টের বাকি অংশে তাকে পাওয়া যাবে কি না।
রাফিনিয়ার এই চোট ব্রাজিলের জন্য বাড়তি উদ্বেগ বাড়িয়েছে। কারণ এই উইঙ্গার আগেও একই ধরনের সমস্যায় ভুগেছেন। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ডান উরুর পেছনের পেশিতেই চোট পেয়েছিলেন বার্সেলোনার এই ফুটবলার। পুরনো চোটের পুনরাবৃত্তি হওয়ায় শঙ্কা আরও বেড়েছে।
যদি পরীক্ষার ফল আশঙ্কাজনক হয় এবং রাফিনিয়া বিশ্বকাপের বাকি অংশে খেলতে না পারেন, তাহলে ব্রাজিল বড় ধরনের ধাক্কা খাবে। কারণ টুর্নামেন্টের স্কোয়াড পরিবর্তনের সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ ছিল। প্রথম রাউন্ড শেষ হওয়ার পর আর কোনো দলই নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে না।
তবে কোচ কার্লো আনচেলত্তির হাতে বিকল্প হিসেবে রয়েছেন তরুণ উইঙ্গার রায়ান ও লুইজ এনরিকে। হাইতির বিপক্ষে রাফিনিয়া মাঠ ছাড়ার পর রায়ানকে মাঠে নামিয়েছিলেন আনচেলত্তি, যিনি বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তবে অভিজ্ঞতা ও বর্তমান ফর্ম বিবেচনায় রাফিনিয়ার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না।
এখন ফুটবল ভক্তদের চোখ থাকবে মেডিকেল রিপোর্টের দিকে। রাফিনিয়া কি স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ফিরতে পারবেন, নাকি হেক্সা মিশনের মাঝপথেই তাকে বিদায় জানাতে হবে? উত্তর মিলবে খুব শীঘ্রই।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: