[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল, পরিসংখ্যান বলছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১৮:০৬ পিএম

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় ব্রাজিল ভক্তদের মনে যে শঙ্কা দানা বেঁধেছিল, হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় তা নিমেষেই দূর করে দিয়েছে। ফিলাডেলফিয়ার মাঠে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়ে কার্লো আনচেলত্তির দল যেন তাদের হেক্সা মিশনের হুঙ্কারই দিয়ে রাখল। আর এই ৩-০ গোলের লিডই এখন নতুন করে ব্রাজিল সমর্থকদের মনে ফাইনালে খেলার স্বপ্ন জাগিয়ে তুলেছে।

পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, বিশ্বকাপে শেষ চারবার যখনই ব্রাজিল প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল, প্রতিবারই তারা সেই আসরের ফাইনাল নিশ্চিত করেছে! ঘটনাটি ঘটেছিল ১৯৫০ সালে দুইবার, ১৯৯৮ সালে একবার এবং ২০০২ সালে একবার। এর মধ্যে ১৯৫০ সালে উরুগুয়ে ও ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনাল হারলেও, ২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর কোচ কার্লো আনচেলত্তি ধৈর্য ধরার কথা বলেছিলেন। হাইতির বিপক্ষে প্রথমার্ধে সেই ধৈর্য ও পরিকল্পনার চূড়ান্ত প্রতিফলন দেখা গেল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্য প্রমাণ করেছে, ব্রাজিল তাদের চিরচেনা আক্রমণাত্মক ছন্দ খুঁজে পেয়েছে। যদিও দ্বিতীয়ার্ধে ব্যবধান আর বড় হয়নি, তবুও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি সেলেসাওদের হাতেই।

অবশ্য ফুটবল কেবল পরিসংখ্যানের খেলা নয়। তবে ১৯৫০, ১৯৯৮ এবং ২০০২ সালের সেই সুখস্মৃতিগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন অনেক বিশ্লেষকই। পরিসংখ্যান যদি সত্যি হয়, তবে ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালেও কি দেখা যাবে হলুদ জার্সির সেই চেনা ছন্দ? ব্রাজিল সমর্থকদের আকাশচুম্বী প্রত্যাশা এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর