[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

পেলের কীর্তি ছুঁলেন ইয়ামাল, সৌদিকে বিধ্বস্ত করল স্পেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ জুন ২০২৬ ০৯:০৬ এএম

লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগের পর বিশ্ব ফুটবলের নতুন মুখ হিসেবে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে গোল করে এবার তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পেলের একটি অনন্য কীর্তি। আর ইয়ামালের সেই গোলেই শুরু হওয়া স্পেনের ঝড় শেষ পর্যন্ত সৌদি আরবকে ৪–০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্পেন। মাত্র ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী ইয়ামাল। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল। সেই সঙ্গে তিনি ইতিহাসেও নাম লেখান। বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সে ম্যাচের প্রথম গোল করার কীর্তি এত দিন ছিল শুধুই ব্রাজিলের কিংবদন্তি পেলের। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর বয়সে সেই কীর্তি গড়েছিলেন পেলে। ৬৮ বছর পর ইয়ামাল সেই রেকর্ডে নিজের নামও যুক্ত করলেন।

প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় স্পেন। ২৬তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। দানি ওলমোর ফ্লিকের পর সৌদি রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।

এক মিনিট পরই আবার গোল পায় স্পেন। মার্ক কুকুরেয়ার নিয়ন্ত্রিত বল থেকে দানি ওলমোর সহায়তায় দ্বিতীয়বারের মতো জালে বল জড়ান ওইয়ারসাবাল। তার জোড়া গোলে প্রথমার্ধেই ৩–০ ব্যবধানে এগিয়ে যায় স্প্যানিশরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও থামেনি স্পেনের আক্রমণ। ৪৯তম মিনিটে কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল হাসান আল তামবাকতির শরীরে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী সেই গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪–০।

ম্যাচের শেষ দিকে ফেরান তোরেস যোগ করা সময়ে বল জালে পাঠিয়ে স্পেনের পঞ্চম গোলটি করেছিলেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনায় তিনি অফসাইড অবস্থানে ছিলেন বলে গোলটি বাতিল করা হয়। ফলে শেষ পর্যন্ত ৪–০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্পেনকে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর