যেভাবে নবম ব্যালন ডি’অর পেতে পারেন লিওনেল মেসি
ফুটবল ইতিহাসে রেকর্ড আটবার ব্যালন ডি’অর জয়ের পর লিওনেল মেসির সামনে আবারও আলোচনায় ফিরেছে নবমবারের সম্ভাবনা।
বয়স, ইউরোপের শীর্ষ লিগে না খেলা এবং ক্লাব ফুটবলের তুলনামূলক কম প্রতিযোগিতামূলক পরিবেশ সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে তাকে আর এই পুরস্কারের দৌড়ে স্পষ্ট ফেভারিট হিসেবে ধরা হয় না। তবু বড় টুর্নামেন্টের মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে সমীকরণ উল্টে দেয়ার নজির মেসির ক্যারিয়ারে নতুন কিছু নয়। ফলে চলতি বিশ্বকাপ আবারও তাকে আলোচনার কেন্দ্রে ফিরিয়ে এনেছে।
বিশ্লেষকদের মতে, ব্যালন ডি’অরের লড়াইয়ে টিকে থাকতে হলে মেসির জন্য সবচেয়ে বড় সুযোগ হয়ে উঠতে পারে বিশ্বকাপই। ইউরোপের শীর্ষ লিগে খেলা কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, উসমান দেম্বেলে, আর্লিং হালান্ড কিংবা তরুণ লামিনে ইয়ামালের মতো প্রতিদ্বন্দ্বীরা মৌসুমজুড়ে ক্লাব ফুটবলে যে ধারাবাহিকতা দেখান, সেটাই সাধারণত ভোটে বড় প্রভাব ফেলে। তবে এই ভারসাম্য অনেক সময়ই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একক পারফরম্যান্সে বদলে যায়।
ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের দৌড়ে মেসিকে এগিয়ে রাখতে হলে তাকে বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে উল্লেখযোগ্য অবদান রাখতে হবে। বিশেষ করে নকআউট পর্বে ম্যাচের গতিপথ বদলে দেয়ার মতো পারফরম্যান্স, বড় ম্যাচে নেতৃত্ব এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এই বিষয়গুলোই তার সম্ভাবনাকে শক্ত করতে পারে।
তবে পুরো সমীকরণ অনেকটাই নির্ভর করছে আর্জেন্টিনার টুর্নামেন্টে কতদূর যেতে পারে তার ওপর। দল যদি সেমিফাইনালের আগেই বিদায় নেয়, তাহলে ব্যক্তিগত পরিসংখ্যান যতই উজ্জ্বল হোক না কেন, ব্যালন ডি’অরের দৌড়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে। অন্যদিকে ফাইনালে পৌঁছাতে পারলে তার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, আর শিরোপা জিতলে ভোটের হিসাব প্রায় পুরোপুরি তার দিকেই ঝুঁকে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।
তবে এই লড়াই সহজ নয়। প্রতিদ্বন্দ্বীদের তালিকায় থাকা এমবাপ্পে যদি ফ্রান্সকে আবারও শিরোপা লড়াইয়ে নিয়ে যেতে পারেন এবং গোলদাতার তালিকায় শীর্ষে থাকেন, তাহলে তিনিও থাকবেন শক্ত অবস্থানে। একইভাবে ইংল্যান্ডের হ্যারি কেইন কিংবা স্পেনের উদীয়মান তারকা ইয়ামাল বড় টুর্নামেন্টে প্রভাব ফেললে তারাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারেন।
সব মিলিয়ে ব্যালন ডি’অরের হিসাব এবারও শুধু মৌসুমজুড়ে পরিসংখ্যানের ওপর নির্ভর করছে না। বরং বড় মঞ্চে, বিশেষ করে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তে কে কতটা প্রভাব রাখতে পারছে, সেটাই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কে উঠবেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের মঞ্চে। আর সেই জায়গাতেই আবারও আলোচনায় লিওনেল মেসির নাম।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: