মেসি ম্যাজিকে ম্যাচ হারের পর বিতর্কে জড়ালেন অস্ট্রিয়া কোচ
লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে এসেছে কেবল ফল নয়, বরং প্রথম গোলটি নিয়ে তৈরি হওয়া বিতর্কও। অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক দাবি করেছেন, আর্জেন্টিনার প্রথম গোলের আগে তাদের খেলোয়াড় জাভের স্লাগারের ওপর ফাউলের ঘটনা ঘটেছিল, যা রেফারির আরও ভালোভাবে পর্যালোচনা করা উচিত ছিল।
সোমবার (২২ জুন) ডালাসে অনুষ্ঠিত ম্যাচে মেসির অনবদ্য পারফরম্যান্সে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারে অস্ট্রিয়া। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে, ৯৫তম মিনিটে গোলকিপারের ফিরতি শট থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচ শেষে নিজের দলের পারফরম্যান্সে কিছুটা হতাশা থাকলেও মেসির প্রশংসায় কোনো কার্পণ্য করেননি রাংনিক। তিনি বলেন, ৩৯ বছর বয়সেও মেসি যেভাবে এক ম্যাচে দুটি গোল করছেন এবং টুর্নামেন্টের শুরুতেই মোট পাঁচটি গোল করে ফেলেছেন, তা সত্যিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়ার মতো পার্থক্য তৈরি করে।
তবে দ্বিতীয় গোলের ক্ষেত্রে নিজেদের ভুলই বড় কারণ বলে মনে করেন অস্ট্রিয়া কোচ। তার মতে, গোলের সময় রক্ষণভাগের আরও সতর্ক থাকা উচিত ছিল। গোলরক্ষক প্রথম শট ঠেকালেও ফিরতি বল সামলাতে না পারায় সুযোগ নেন মেসি।
অন্যদিকে প্রথম গোলটি নিয়ে প্রশ্ন তুলে রাংনিক বলেন, পেনাল্টির আগের পরিস্থিতির মতোই ওই ঘটনাটিও মাঠের রেফারির আরও গভীরভাবে দেখা উচিত ছিল। তার দাবি, স্লাগারের ওপর ফাউলের বিষয়টি স্পষ্ট ছিল, যা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে পর্যালোচনা করা প্রয়োজন ছিল।
সব মিলিয়ে হারলেও নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি অসন্তুষ্ট নন অস্ট্রিয়া কোচ। তার মতে, ম্যাচের বিভিন্ন পর্যায়ে তারা দারুণভাবে খেলায় ফিরে আসতে পেরেছিল এবং বল দখলেও প্রতিপক্ষকে চাপে রেখেছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আরও বেশি শট নেয়ার সুযোগ থাকলেও সেখানে কিছুটা ঘাটতি ছিল বলে তিনি উল্লেখ করেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: