নিষেধাজ্ঞার শঙ্কায় আর্জেন্টিনার দুই তারকা খেলোয়াড়
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। এখন শীর্ষস্থান ধরে রেখে ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা পেতে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয় পেতে হবে তাদের।
তবে শেষ ম্যাচে জয়ের পরিকল্পনার পাশাপাশি কোচ লিওনেল স্কালোনির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকি।
আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনা এই দুই খেলোয়াড় একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, জর্ডানের বিপক্ষে ম্যাচে তাদের কেউ আবার একটি হলুদ কার্ড দেখলে পরবর্তী ম্যাচে, অর্থাৎ নকআউট পর্বের প্রথম ম্যাচে তারা নিষিদ্ধ হয়ে পড়বেন।
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে বাতিল করা হবে। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো আর কার্যকর থাকবে না। এরপর কোয়ার্টার ফাইনাল শুরুর আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব নতুন করে শুরু হবে।
অর্থাৎ, এই দুই খেলোয়াড়ের জন্য জর্ডানের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত সতর্কতার। এই ম্যাচে তারা আবার কার্ড দেখলে নকআউট পর্বে একটি ম্যাচে খেলতে পারবেন না। এটি আর্জেন্টিনার জন্য বড় ধরনের কৌশলগত সমস্যার কারণ হতে পারে। মূলত বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বাড়ায় ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে এই পরিবর্তন এনেছে।
আগামী ২৮ জুন ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে জয় পেলেই জে গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে যাবে আর্জেন্টিনা। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে এই দুই খেলোয়াড়কে মাঠে নামানো হবে কি না, নাকি কার্ডের ঝুঁকি থেকে বাঁচাতে বিশ্রামে রাখা হবে তা নিয়ে এখন কোচিং স্টাফে চলছে গভীর বিশ্লেষণ।
গুরুত্বপূর্ণ নকআউট পর্বের আগে নিজেদের সেরা খেলোয়াড়দের হারাতে চাইবে না স্কালোনি। এখন দেখার বিষয়, জর্ডানের বিপক্ষে মাঠে নেমে তিনি কীভাবে জয়ের লক্ষ্য ও নিষেধাজ্ঞার ঝুঁকির সমীকরণ সামলান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: