[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

যেখানে কিংবদন্তিরাও থামে, সেখানেও এগিয়ে রোনালদো

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে তীব্র সমালোচনার মুখে পড়া পর্তুগিজ এই মহাতারকা উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জ্বলে উঠলেন আপন মহিমায়। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে তিনি গড়লেন এক অনন্য বিশ্ব রেকর্ড।

মঙ্গলবার (২৩ জুন) রাতে হিউস্টন স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে এই জোড়া গোল করার মাধ্যমে রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ আসরে গোল করার অবিস্মরণীয় কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্বকাপের মঞ্চে তার এই ধারাবাহিকতা অনন্য এক ইতিহাস হয়ে থাকবে।

ব্যক্তিগত রেকর্ডের খাতায় এই ম্যাচটি ছিল রোনালদোর জন্য মাইলফলক। পর্তুগালের হয়ে বিশ্বকাপে এতদিন সর্বোচ্চ ৯টি গোল নিয়ে সবার উপরে ছিলেন কিংবদন্তি ইউসেবিও। উজবেকিস্তানের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে রোনালদো সেই ৯ গোলের রেকর্ড টপকে ১০টি গোল নিয়ে পর্তুগালের একক সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন।

ম্যাচের শুরু থেকেই পর্তুগাল তাদের আধিপত্য বজায় রাখে। ৬ষ্ঠ মিনিটেই রোনালদো প্রথম গোলের দেখা পান। এরপর ১৭তম মিনিটে নুনো মেন্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক পাস থেকে বল পেয়ে রোনালদো নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি নিশ্চিত করেন।

সমালোচকদের সমালোচনার মুখে ভেঙে না পড়ে যেভাবে তিনি ম্যাচে ফিরে এসেছেন, তা আবারও প্রমাণ করে যে বড় মঞ্চের চাপ সামলানো এবং নতুন নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে রোনালদো এখনো অপ্রতিদ্বন্দ্বী। এই জয়ে পর্তুগালের পরবর্তী রাউন্ডের পথ আরও সুগম হলো।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর