স্বস্তি ফিরল ইরান শিবিরে, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
২০২৬ ফিফা বিশ্বকাপের চলমান উত্তেজনার মাঝে ইরান ফুটবল দলের জন্য এল বড় সুখবর। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ইরান দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। জটিল রাজনৈতিক ও ভিসা সংক্রান্ত বাধা কাটিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য ইরানের স্কোয়াডকে বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইরান দল এখন থেকে ম্যাচের দুই দিন আগেই ভেন্যুতে পৌঁছাতে পারবে। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে, শুক্রবার মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলার পরপরই তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
বিশ্বকাপের শুরু থেকেই ইরান দল নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিল। মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব পড়েছিল তাদের প্রস্তুতির ওপরও। প্রাথমিকভাবে আরিজোনার টাকসনে নির্ধারিত বেস ক্যাম্প সরিয়ে নিতে হয়েছিল মেক্সিকোতে।
এছাড়া দলের বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ ও কর্মকর্তার ভিসা না পাওয়া এবং প্রথম দুটি ম্যাচের জন্য ম্যাচের ঠিক আগের দিন ভ্রমণ করার বাধ্যবাধকতা ইরানের খেলোয়াড়দের জন্য বাড়তি ক্লান্তি ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অবশেষে এই জটিলতা কাটিয়ে স্বস্তি ফিরেছে ইরান শিবিরে। হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন, ‘প্রথম দুই ম্যাচে সবকিছু ঠিকঠাক চলার পর আমরা তাদের যাতায়াতের সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
এই নতুন সুবিধায় ইরান দল তাদের মেক্সিকোর তিজুয়ানা বেস ক্যাম্প ছেড়ে বুধবারই সিয়াটলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। নিষেধাজ্ঞার কড়াকড়ি সত্ত্বেও ইরান নকআউটে ওঠার লড়াইয়ে এখনো বেশ ভালো অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত তাদের পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক।
বর্তমানে ‘জি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইরান। গোল ব্যবধানে পিছিয়ে থাকা বেলজিয়ামও সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তবে সব সমীকরণ ছাপিয়ে শুক্রবার মিসরের বিপক্ষে ম্যাচটিই ইরানের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মিসরের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লড়াইয়ে বাড়তি সময় ও মানসিক স্বস্তি কি ইরানকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে পারবে? ফুটবল ভক্তদের নজর এখন সেই শুক্রবারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের দিকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: