[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

গোলশূন্য ড্রয়ের ‘মাস্টার’ ইংল্যান্ড, বিশ্বকাপে কেইনদের বিব্রতকর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ১৬:০৬ পিএম

বোস্টন স্টেডিয়ামে ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মাধ্যমে ফিফা বিশ্বকাপের ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হলো ইংল্যান্ড। ম্যাচটি ছিল বিশ্বকাপে ইংলিশদের ১৩তম গোলশূন্য ড্র। ফুটবলের বৈশ্বিক আসরে আর কোনো দলের নামের পাশে এত বেশি গোলশূন্য ড্র নেই।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে গোলশূন্য ড্রয়ের তালিকায় ইংল্যান্ড একাই শীর্ষে। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৯ বার গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর রয়েছে উরুগুয়ে (৮ বার) এবং জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন (৭ বার করে)।

১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের যাত্রা শুরু হলেও ১৯৫৮ সালের ১১ জুন ব্রাজিল ও সুইডেনের মধ্যকার ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে প্রথমবার গোলশূন্য ড্রয়ের সূচনা হয়েছিল। আজ সেই পথেই ইংল্যান্ড নিজেদের রেকর্ডকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেল।

গত ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪–২ গোলের দুর্দান্ত জয় পাওয়া ইংল্যান্ড এদিন ছিল পুরোপুরি নিষ্প্রভ। পুরো ম্যাচে ১৯টি শট নিয়েও গোল করতে না পারাটা টমাস টুখেলের দলের জন্য বড় ব্যর্থতা। গত ২৪ বছরে বিশ্বকাপে এটিই প্রথম ঘটনা, যেখানে ১৯টি শট নিয়েও ইংল্যান্ড কোনো গোল আদায় করতে পারেনি।

বোস্টন স্টেডিয়ামে ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত ঘানার গোলপোস্টের দিকে ইংল্যান্ডের একটি শটও লক্ষ্যে ছিল না। শেষদিকে ফরোয়ার্ড বুকায়ো সাকা এবং ডিফেন্ডার নিকো ও’রাইলি গোলের কাছাকাছি গেলেও ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারের অসাধারণ দক্ষতায় গোলবঞ্চিত থাকতে হয় তাদের।

এই ড্রয়ের ফলে ইংল্যান্ড ও ঘানা উভয় দলের পয়েন্ট এখন ৪। গোল ব্যবধানে এগিয়ে থেকে ইংল্যান্ড গ্রুপ টেবিলের শীর্ষে থাকলেও, ঘানার বিপক্ষে জয় পেলে আজই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত তাদের। এখন ইংল্যান্ডের নজর পরবর্তী ম্যাচ পানামার দিকে।

অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে ঘানাও নকআউটের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে। গ্রুপটির অপর দুই দল—পানামা ও ক্রোয়েশিয়া ১ ম্যাচ খেলে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। শেষ ম্যাচটি এখন ইংল্যান্ডের জন্য নকআউট পর্বে পা রাখার অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর