৩৯ বছরেও থামছে না মেসির জাদু! আর্জেন্টাইন সুপারস্টারকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি আজ ৩৯ বছর বয়সে পা দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে ইতিহাস গড়া এই ফরোয়ার্ডের জন্মদিন উপলক্ষে নিজ দেশ আর্জেন্টিনা থেকে শুরু করে গোটা বিশ্বে চলছে নানা আয়োজন ও শ্রদ্ধা নিবেদন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন মেসি। মাত্র দুটি ম্যাচেই তিনি ৫ গোল করেছেন, যা এই আসরে এখন পর্যন্ত যেকোনো ফুটবলারের চেয়ে বেশি। আর এই গোলগুলোই তাকে নিয়ে গেছে ইতিহাসের এক অনন্য উচ্চতায়। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলা মেসি তার মোট গোল সংখ্যা ১৮-তে নিয়ে গেছেন, যা বিগত রেকর্ডধারী জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ার (১৬ গোল) চেয়ে এগিয়ে। ফলে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
এই অসাধারণ সাফল্যকে ঘিরে ফুটবল বিশ্বে উন্মাদনা তৈরি হয়েছে। এমনকি গুগলও মেসির প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়েছে। এখন গুগলে মেসির নাম সার্চ করলেই কনফেটি ও ফুটবলথিমযুক্ত অ্যানিমেশন দেখা যায়, যা তার এই রেকর্ডকে স্মরণীয় করে রাখছে। জানা গেছে, এই বিশেষ ফিচারটি ইতোমধ্যে সারা বিশ্বে ১২ মিলিয়নের বেশি বার ইন্টারঅ্যাক্ট করা হয়েছে।
মেসির জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার সাধারণ মানুষেরও রয়েছে বিশেষ উদ্যোগ। দেশটির জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রোডলফো বারিলি একটি সামাজিক যোগাযোগমাধ্যম ক্যাম্পেইনের সূচনা করেছেন, যার হ্যাশট্যাগ দেয়া হয়েছে #CumpleLeo। এই ক্যাম্পেইনের মাধ্যমে আর্জেন্টিনাবাসীকে আহ্বান জানানো হয়েছে বুধবার সকাল ১০টা ও রাত ১০টায় একযোগে 'শুভ জন্মদিন' গান গাওয়ার জন্য।
বারিলি তার প্রচারণায় বলেন, 'আমরা যদি বুধবার একসঙ্গে ক্যাপ্টেনকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, কী হয়? শ্রেণিকক্ষে, কর্মক্ষেত্রে, বাসে—আমরা যেখানেই থাকি না কেন, সবাই মিলে এটি করি।'
আয়োজকরা অংশগ্রহণকারীদের এই বিশেষ মুহূর্তগুলো ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে পোস্ট করার অনুরোধ জানিয়েছেন, যাতে সারা দেশের ভালোবাসা ও সমর্থন বিশ্বের সেরা এই ফুটবলারের কাছে পৌঁছাতে পারে।
মেসি বর্তমানে ক্যানসাসে অবস্থান করছেন, যেখানে আর্জেন্টিনা দল বিশ্বকাপের ম্যাচ খেলছে। তার এই বিশেষ দিনে তিনি তার পরিবার ও সতীর্থদের সঙ্গেই সময় কাটাবেন বলে ধারণা করা হচ্ছে।
এই বয়সেও বিশ্বকাপ মঞ্চে মেসির এই অসাধারণ নৈপুণ্য প্রমাণ করে, বয়স কখনোই প্রতিভার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর্জেন্টাইন সমর্থকরা তার এই সাফল্য ও জন্মদিন উভয়ই উদযাপন করতে মুখিয়ে আছেন, আর বিশ্ব ফুটবল ইতিহাসের এই পাতাটি লিখছেন তিনি নিজেই।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: