গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি, পিছু নিয়েছেন যারা
২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের দ্বিতীয় রাউন্ড শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে আধিপত্য বিস্তার করছেন ফুটবলের মহাতারকারা। এখন পর্যন্ত আর্জেন্টিনার করা পাঁচটি গোলের সবকটিই এসেছে লিওনেল মেসির পা থেকে। পাঁচ গোল নিয়ে তিনি আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার পথে আরও একটি ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৮ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন তিনি।
তবে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির পথ মোটেও সহজ নয়। তার ঠিক পেছনেই রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই গোলসংখ্যা চার। ফলে পরবর্তী ম্যাচগুলোতে এই তিন তারকার মধ্যে জমে উঠতে পারে শীর্ষ গোলদাতার প্রতিযোগিতা। তিন গোল করে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন জার্মানির ডেনিজ উন্দাভ এবং কানাডার জোনাথন ডেভিড।
এদিকে দুই গোল করে গোল্ডেন বুটের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত রেখেছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। এই তালিকায় রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও মাতেউস কুনিয়া, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ইংল্যান্ডের হ্যারি কেইন, কলম্বিয়ার ড্যানিয়েল মুনিওজ, জাপানের কামাদা ও উয়েদাসহ আরও অনেকেই।
সর্বোচ্চ গোলদাতা (দ্বিতীয় রাউন্ড শেষে)
৫ গোল
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
৪ গোল
কিলিয়ান মবাপ্পে (ফ্রান্স)
আর্লিং হালান্ড (নরওয়ে)
৩ গোল
ডেনিজ উন্দাভ (জার্মানি)
জোনাথন ডেভিড (কানাডা)
২ গোল
কাই হাভার্টজ (জার্মানি)
মাতেউস কুনিয়া (ব্রাজিল)
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)
ড্যানিয়েল মুনিওজ (কলম্বিয়া)
হ্যারি কেইন (ইংল্যান্ড)
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
কোরু কামাদা (জাপান)
আয়াসে উয়েদা (জাপান)
*আরও কয়েকজন
অ্যাসিস্টের তালিকায় যৌথ শীর্ষে ইসাক-ওলিসে
শুধু গোল নয়, অ্যাসিস্টের লড়াইটাও জমে উঠেছে। তিনটি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন সুইডেনের আলেকজান্ডার ইসাক এবং ফ্রান্সের মাইকেল ওলিসে। দুই অ্যাসিস্ট করে তাদের পেছনে রয়েছেন জার্মানির জশুয়া কিমিখ ও উন্দাভ, মিশরের মোহাম্মদ সালাহ, নেদারল্যান্ডসের ডামফ্রিস ও গ্রাভেনবার্খ, মরক্কোর ব্রাহিম দিয়াজ, নরওয়ের মার্টিন ওদেগার্দ, নিউজিল্যান্ডের ক্রিস উড এবং প্যারাগুয়ের হুলিও এনসিসো।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: