প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা, ‘রাউন্ড অব ৩২’ এর অপেক্ষায় কোরিয়া
প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকান দলটি। বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। এই জয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপ রানার্সআপ হয়ে সরাসরি ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা নিশ্চিত করেছে।
গ্রুপ পর্বের শেষ দিনের আগে সমীকরণ ছিল জটিল। দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া দু’দলই নকআউটের স্বপ্ন নিয়ে মাঠে নামে। শুরুতে দক্ষিণ কোরিয়াই আক্রমণাত্মক ফুটবলের ইঙ্গিত দেয়। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে কিম মিন-জের জোরালো হেড গোল হওয়ার পথে ছিল। কিন্তু গোললাইন থেকে অসাধারণ দক্ষতায় বল ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার অব্রি মোডিবা। সেই মুহূর্তই পরে ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ বাঁক হয়ে দাঁড়ায়।
শুরুর ধাক্কা সামলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় দক্ষিণ আফ্রিকা। রেলেবোহিলে মোফোকেংকে লক্ষ্য করে লম্বা পাস, অসউইন আপোলিসের ধারাবাহিক ক্রস এবং কর্নার থেকে তৈরি হওয়া সুযোগগুলো দক্ষিণ কোরিয়ার রক্ষণকে ব্যস্ত রাখে। ১৬ মিনিটে মাকগোপা ফাঁকা অবস্থায় হেডের সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন। এরপরও আক্রমণের ধার কমায়নি দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ কোরিয়ার হয়ে সবচেয়ে সক্রিয় ছিলেন লি কাং-ইন। নবম মিনিটে একটি চমৎকার কাটব্যাক থেকে সুযোগ পেয়েও তিনি শট রাখতে পারেননি লক্ষ্যে। অধিনায়ক সন হিউং-মিনকে শুরুতে বেঞ্চে রাখার সিদ্ধান্তের কারণে কোরিয়ান আক্রমণের সৃজনশীলতার বড় অংশই যেন লি কাং-ইনের কাঁধে এসে পড়ে। তবে দক্ষিণ আফ্রিকার সংগঠিত মাঝমাঠ ও দৃঢ় রক্ষণভাগের সামনে তারা খুব বেশি কার্যকর হতে পারেনি।
প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগ আসে ৩০ মিনিটে। দক্ষিণ কোরিয়ার ভুল পাস থেকে বল পেয়ে দ্রুত আক্রমণে ওঠে দক্ষিণ আফ্রিকা। মবাথার শট গোলরক্ষক কিম সেউং-গ্যু ঠেকালেও ফিরতি বলে প্রায় খালি পোস্ট পেয়েছিলেন মাকগোপা। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই সুযোগও কাজে লাগাতে পারেননি তিনি। একের পর এক আক্রমণ গড়েও গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। দক্ষিণ আফ্রিকা আক্রমণে ধারালো ছিল, আর দক্ষিণ কোরিয়া খুঁজছিল কাঙ্ক্ষিত ছন্দ। অবশেষে ৬২ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। থাপেলো মাসেকোর নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। গোল হজম করার পর দক্ষিণ কোরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও আফ্রিকান দলটির শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ তাদের হতাশ করে।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থান নিশ্চিত করে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল দলটি।
একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক মেক্সিকো ৩-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। মাতেও চাভেজ ও হুলিয়ান কিনিওনেসদের গোলে জয় পাওয়া মেক্সিকো তিন ম্যাচের সব কটিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে একটি ম্যাচও জিততে না পারা চেক প্রজাতন্ত্র বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।
অন্যদিকে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়াও নিশ্চিত করেছে ‘রাউন্ড অব ৩২’। কেননা চেকিয়া ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হওয়ায় ফিফার নতুন নিয়মের গ্রুপের তৃতীয় হয়েও নকআউট নিশ্চিত করে এশিয়ার দলটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: