[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

নকআউটে যেতে রোনালদোর পর্তুগালের সামনে যে সমীকরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ১৮:০৬ পিএম

গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচগুলো শেষে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, দ্বিতীয় রাউন্ড শেষে তার অনেকটাই কেটে গেছে। তবে শেষ ম্যাচের আগে এখনো নাটকীয়তার সুযোগ রয়েছে। কলম্বিয়া ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে, পর্তুগালও কার্যত শেষ ৩২-এর দুয়ারে দাঁড়িয়ে। অন্যদিকে ডিআর কঙ্গোকে লড়তে হচ্ছে টিকে থাকার জন্য, আর উজবেকিস্তানের সম্ভাবনা প্রায় শেষ।

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছিল পর্তুগাল। সেই ফলের পর গ্রুপের চার দলই শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল। কলম্বিয়া জয় দিয়ে শুরু করলেও তখনো কেউ নিশ্চিতভাবে পরের পর্বে ওঠেনি। ফলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছিল।

সেই চাপের মুখেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় তুলে নিয়ে শুধু তিন পয়েন্টই নয়, নিজেদের গোল ব্যবধানও শক্তিশালী করে তুলেছে। প্রথম ম্যাচের হতাশা মুছে দিয়ে এই জয় পর্তুগালকে গ্রুপের অন্যতম সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ডিআর কঙ্গো ও কলম্বিয়া। ম্যাচজুড়ে চেষ্টা করেও গোলের দেখা পায়নি আফ্রিকার প্রতিনিধিরা। একমাত্র গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে কলম্বিয়া ছয় পয়েন্টে পৌঁছে নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

দুই ম্যাচ শেষে কলম্বিয়ার সংগ্রহ ৬ পয়েন্ট। পর্তুগালের ৪, ডিআর কঙ্গোর ১ এবং উজবেকিস্তানেরও ১ পয়েন্ট। ফলে শেষ রাউন্ডের আগে সবচেয়ে স্বস্তিতে রয়েছে কলম্বিয়া ও পর্তুগাল।

পর্তুগালের সামনে সমীকরণও তুলনামূলক সহজ। শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ করবে তারা। ড্র করলেও কোনো সমস্যা নেই; সেক্ষেত্রে কলম্বিয়া থাকবে শীর্ষে, পর্তুগাল যাবে রানার্সআপ হিসেবে। এমনকি পরাজিত হলেও পর্তুগালের নকআউটে ওঠার সম্ভাবনা প্রবল। কারণ উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ে তাদের গোল ব্যবধান এখন বেশ শক্ত অবস্থানে রয়েছে।

পরিস্থিতি সবচেয়ে জটিল ডিআর কঙ্গোর জন্য। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানো ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। ড্র বা হার মানেই বিদায়ের শঙ্কা। তবে জয় পেলেই যে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে যাবে, এমনও নয়। রানার্সআপ হতে হলে তাদের বড় ব্যবধানে জিততে হবে এবং একই সঙ্গে কলম্বিয়ার কাছে পর্তুগালের বড় ব্যবধানে হারের অপেক্ষায় থাকতে হবে। কারণ পর্তুগাল ও ডিআর কঙ্গোর মুখোমুখি ম্যাচ ড্র হওয়ায় দুই দলের মধ্যে ব্যবধান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গোল ব্যবধান।

তবু আশা ছাড়তে হচ্ছে না ডিআর কঙ্গোকে। উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে সেরা তৃতীয়-স্থানের দলগুলোর একটি হিসেবেও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা থাকবে।

অন্যদিকে উজবেকিস্তানের অবস্থা সবচেয়ে কঠিন। শেষ ম্যাচে জিতলেও তারা দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ পাবে না। উপরন্তু পর্তুগালের কাছে ৫-০ গোলের বড় পরাজয় তাদের গোল ব্যবধানকে এমন অবস্থায় নিয়ে গেছে, যেখানে সেরা তৃতীয়-স্থানের তালিকায় জায়গা পাওয়াও কঠিন হয়ে পড়েছে।

গ্রুপ ‘কে’-এর শেষ রাউন্ড তাই এখনো উত্তেজনা ছড়াচ্ছে। কলম্বিয়া ইতোমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে। পর্তুগাল নকআউটের খুব কাছাকাছি। আর ডিআর কঙ্গো লড়ছে শেষ আশা বাঁচিয়ে রাখার জন্য।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর