[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

স্কটল্যান্ডকে হারিয়ে মেসিকে নিয়ে মন্তব্য নেইমারের, মুহূর্তেই ভাইরাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ১৮:০৬ পিএম

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের প্রতিনিধি হলেও বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি নেইমার জুনিয়র ও লিওনেল মেসির। আর্জেন্টাইন মহাতারকার ৩৯তম জন্মদিনে সেই বন্ধুত্বেরই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। যা মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পর ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসির জন্মদিন নিয়ে প্রশ্ন করা হয় নেইমারকে। জবাবে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা অকপটে প্রকাশ করেন তিনি।

মেসিকে নিয়ে নেইমারের ভাষ্য, ‘মাঠের বাইরে মেসি আরও ভালো একজন মানুষ।’ এ সময় সাক্ষাৎকার নেয়া সাংবাদিক মজা করে বলেন, ‘মাঠেও তো সে অসাধারণ।’ উত্তরে হেসে সম্মতি জানান ব্রাজিলিয়ান তারকা।

এরপর নেইমার বলেন, ‘এই কারণেই আমি তাকে চিনি এবং তার সঙ্গে খেলেছি বলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। সে আমার খুব ভালো বন্ধু। গত কয়েক দিনেও আমাদের অনেক কথা হয়েছে। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি।’

দুই ফুটবল মহাতারকার বন্ধুত্বের শুরু এক দশকেরও বেশি আগে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর তরুণ নেইমারকে আপন করে নেন মেসি। পরে লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে তারা গড়ে তোলেন ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণত্রয়ী ‘এমএসএন’।

মেসি, নেইমার ও সুয়ারেজের দুর্দান্ত সমন্বয়ে ২০১৫ সালে ঐতিহাসিক ট্রেবল জেতে বার্সেলোনা। ইউরোপের সেরা সব রক্ষণভাগকে নাস্তানাবুদ করা এই ত্রয়ী আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অম্লান।

২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার। তবে ক্লাব বদলালেও দুজনের সম্পর্কের উষ্ণতা কমেনি। ২০২১ সালে মেসিও পিএসজিতে যোগ দিলে আবারও একসঙ্গে খেলার সুযোগ পান তারা। যদিও ফ্রান্সে ঘরোয়া সাফল্য এলেও ইউরোপিয়ান মঞ্চে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেননি।

২০২৩ সালে দুজনই পিএসজি ছাড়েন। মেসি যোগ দেন ইন্টার মায়ামিতে, আর নেইমার পাড়ি জমান আল-হিলালে। তবে সৌদি আরবে ইনজুরির কারণে কঠিন সময় কাটানোর পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। চলমান বিশ্বকাপটি সম্ভবত দুই বন্ধুরই শেষ বিশ্বকাপ। আর সেই আসরে দারুণ ছন্দে রয়েছেন মেসি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচটি গোলের সবকটিই এসেছে তার পা থেকে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর