[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, প্রথমবার গ্রুপ পর্ব পেরুলো আইভরি কোস্ট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ১০:০৬ এএম

কুরাসাওকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। অন্যদিকে জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছে ইকুয়েডর।

কুরাসাওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র বা জয়-যেকোনো একটি ফলই যথেষ্ট ছিল আইভরি কোস্টের জন্য। তবে কোনো সমীকরণের অপেক্ষা না রেখে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

‘ই’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ উঠেছে তারা। এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪-টানা তিনটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল আইভরি কোস্ট। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আইভরি কোস্টের হয়ে দুই অর্ধে দুটি গোলই করেন নিকোলাস পেপে। তার জোড়া গোলেই ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করে আইভরিয়ানরা।

এদিকে, এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কুরাসাও। বিশ্বকাপে এবারই প্রথম অংশ নেয়া কুরাসাও ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে। তবে জনসংখ্যার বিচারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশগুলোর একটি হিসেবে আসরে একটি ড্র অর্জন করাও তাদের জন্য উল্লেখযোগ্য সাফল্য।

অন্যদিকে, ‘ই’ গ্রুপের আরেক ম্যাচে নিউ জার্সিতে জার্মানির বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জার্মানির জালে দুটি গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।

তিন ম্যাচ শেষে জার্মানি ও আইভরি কোস্ট; দুই দলেরই সংগ্রহ ৬ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ফলে সমান পয়েন্ট নিয়েও রানার্সআপ হিসেবে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছে আইভরি কোস্ট।

তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর ১২টি গ্রুপের তৃতীয় সেরা দলগুলোর মধ্যে শীর্ষ অবস্থান নিশ্চিত করে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। এর ফলে ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউট পর্বে খেলবে দলটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর