জার্মানি বধের নেপথ্যের নায়ক আর্জেন্টাইন কোচ, ইতিহাস গড়ল ইকুয়েডর
রেফারির বাঁশিতে ফুঁ পড়ার সঙ্গে সঙ্গে নিউজার্সির স্টেডিয়াম উন্মাতাল হয়ে পড়ল। ইকুয়েডর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে অকল্পনীয় সাফল্য পেল। ২-১ গোলে পাওয়া জয়ের সুবাদে ইকুয়েডর পৌঁছে গেছে সেরা বত্রিশে।
দলটির সাফল্যের পেছনের নায়ক আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। শিষ্যদের সাফল্য উদযাপনে যুক্ত হয়ে যান সেবাস্তিয়ানও। সমর্থকদের স্রোতে মিশে যান। গ্যালারিতে ছুটে যান প্রিয় মানুষের কাছে। এছাড়া পুরো দলের সঙ্গে মাঠেই মাতোয়ারা হয়ে উঠেন সেবাস্তিয়ান।
এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় সাফল্য অর্জন করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ইকুয়েডর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে বলেন, ‘এখন উদযাপনের সময়। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করুন, চাইলে এক গ্লাস বিয়ারও পান করুন।’
তিনি আরও বলেন, ‘এটি বিশ্বকাপে ইকুয়েডরের সবচেয়ে বড় জয়। আমরা এই লক্ষ্য নিয়েই এসেছিলাম-দেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে। আজ আমরা সেটা করতে পেরেছি।’
টুর্নামেন্টের শুরুটা অবশ্য ভালো হয়নি ইকুয়েডরের। প্রথম ম্যাচে আইভরিকোস্টের কাছে হারের পর বিশ্বকাপে অভিষিক্ত কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েছিল দলটি।
তবে বেকাসেসে জানান, খারাপ ফলের পরও তারা নিজেদের খেলার ধরন বদলাননি, ‘আমরা শান্ত ছিলাম। একই পরিকল্পনা এবং একই ফুটবল দর্শন ধরে রেখেছিলাম। আমি মনে করি না আগের ফলাফলগুলো আমাদের প্রাপ্য ছিল।’
ফুটবলের অনিশ্চয়তার কথা তুলে ধরে ইকুয়েডর কোচ বলেন, ‘ফুটবল এমনই—একদিন জিতবেন, আরেকদিন হারবেন। আগের ম্যাচগুলোর পর আমরা নরকে ছিলাম না, আবার আজ জিতে স্বর্গেও পৌঁছে যাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য বজায় রাখা।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: