[email protected] শুক্রবার, ৩রা জুলাই ২০২৬
১৮ই আষাঢ় ১৪৩৩

মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে হুঙ্কার ছুঁড়ে যা বললেন জাপান কোচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ১৪:০৬ পিএম

ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পরই কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়েছে জাপান। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে নামের ভারে চাপে পড়ে নয়, আত্মবিশ্বাস নিয়েই ম্যাচটির দিকে তাকিয়ে আছে এশিয়ার প্রতিনিধিরা।

শুক্রবার (২৬ জুন) ভোরে ডালাস স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাপান। ম্যাচটিতে এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি তারা। প্রথমে গোল করে এগিয়ে যায় জাপান, কিন্তু ছয় মিনিটের মধ্যেই সমতা ফেরায় সুইডেন। ফলে ‘এফ’ গ্রুপে রানার্সআপ হিসেবেই শেষ করতে হয়েছে ব্লু সামুরাইদের।

গ্রুপে দ্বিতীয় হওয়ায় নকআউট পর্বে জাপানের প্রতিপক্ষ হয়েছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী সোমবার (২৯ জুন) রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শেষ ১৬-এ ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল।

ম্যাচটির আগে জাপান কোচ হাজিমে মোরিয়াসু আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বলেছেন। তাঁর বিশ্বাস, শক্তিশালী প্রতিপক্ষ হলেও ব্রাজিলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য জাপানের আছে।

মোরিয়াসু মনে করিয়ে দিয়েছেন, গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত একটি ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সেই ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছিল তার দল।

জাপান কোচ বলেন, সর্বশেষ দেখায় তারা ব্রাজিলকে বুঝিয়ে দিয়েছে যে জাপান সহজে হার মানার দল নয়। তার মতে, সেই জয় দলটির জন্য বড় ধরনের অগ্রগতির প্রতীক ছিল।

তবে আত্মবিশ্বাসী হলেও ব্রাজিলের শক্তি সম্পর্কে পুরোপুরি সচেতন মোরিয়াসু। তিনি বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের প্রতি জাপানের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। ম্যাচের ফল আগে থেকে বলা সম্ভব নয়, কিন্তু জাপানেরও জয়ের সুযোগ থাকবে বলে বিশ্বাস তার।

সুইডেনের বিপক্ষে ড্রয়ের কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি জাপানের। তবে সেটি নিয়ে খুব বেশি হতাশ নন মোরিয়াসু। তার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নকআউট পর্বে জায়গা করে নেয়া, আর সেই লক্ষ্য পূরণ হয়েছে।

মোরিয়াসু বলেন, ফুটবলে গোল হজম করাটা স্বাভাবিক ঘটনা। টুর্নামেন্টের শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল নকআউট পর্বে ওঠা। সেই লক্ষ্য অর্জন করতে পারায় তিনি সন্তুষ্ট। পাশাপাশি এই সাফল্যকে জাপানি ফুটবলের উন্নতিরও একটি প্রমাণ হিসেবে দেখছেন তিনি।

এখন জাপানের সামনে বিশ্বকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। প্রতিপক্ষে ব্রাজিল, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এক দল। কিন্তু অতীতের সাফল্য এবং নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রেখে মাঠে নামতে প্রস্তুত মোরিয়াসুর শিষ্যরা। তাদের বিশ্বাস, সম্মান দেখিয়েও ব্রাজিলকে হারানো সম্ভব।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর