বিশ্রাম দেয়া হতে পারে মেসিকে, বেঞ্চের শক্তি পরীক্ষায় মনোযোগী আর্জেন্টিনা
চলমান বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়নের মতো শুরু পেয়েছে আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছে লিওনেল মেসিরা। আগামী রোববার (২৮ জুন) ভোরে গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
বিশ্বকাপের ম্যাচ হলেও মেসিদের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। কারণ আগেই গ্রুপের শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছে তারা। তাই এই ম্যাচে আর হারানোর কিছু নেই তাদের। নিয়মরক্ষার ম্যাচ বলেই জর্ডানের বিপক্ষে এই ম্যাচকে নিয়ে তেমন চিন্তা নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির। বরং এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চাইছেন তিনি।
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে এমন ৭ জন ফুটবলার আছেন, যাদের এখনও বিশ্বকাপে অভিষেক হয়নি। জর্ডানের বিপক্ষে ম্যাচটাকে বিশ্বমঞ্চে তাদের পরখ করে দেখার সুযোগ হিসেবে দেখছেন কোচ স্ক্যালোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'সব ফুটবলারকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আমার মতে, সকলের সুযোগ পাওয়া উচিত। জর্ডন ম্যাচে সেই সুযোগ রয়েছে। তাই সেটাই করব।'
কাকে বিশ্রাম দিতে চান, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি স্ক্যালোনি। তবে ধারণা করা হচ্ছে, এই তালিকায় থাকতে পারেন লিওনেল মেসিও। ২ ম্যাচে পাঁচ গোল পাওয়া দলের সেরা তারকাকে অবশ্যই নকআউটপর্বের আগে একটু বিশ্রাম দিতে চাইবেন স্ক্যালোনি।
বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে ৭৮ মিনিট মাঠে ছিলেন তিনি, করেছিলেন হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে পুরো ৯৫ মিনিটই খেলেছেন। একটি পেনাল্টি হাতছাড়া করলেও জোড়া গোল করেছেন।
আমেরিকার গরমে ফুটবলারদের খেলতে কষ্ট হচ্ছে। ফলে শারীরিক ধকল সামলানো খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে অন্য একটি জল্পনাও উঠে আসছে। মেসি যে ফর্মে রয়েছেন, তাতে জর্ডনের বিরুদ্ধে খেললে আরও একটি হ্যাটট্রিক করতে পারেন। সে ক্ষেত্রে তার গোলের সংখ্যা আরও বেড়ে যাবে। গোলে মেসির পেছনেই রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুই তারকার লড়াই চলছে। সেই লড়াইয়ে আরও খানিকটা এগিয়ে যেতে পারবেন তিনি। নকআউটের ম্যাচের আগে পাঁচ দিন সময় রয়েছে। বিশ্রামের পর্যাপ্ত সুযোগ রয়েছে। ফলে কোচ চাইলেও মেসি বিশ্রাম নেবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
মেসির পরিবর্তে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজ়কে খেলাতে পারেন স্ক্যালোনি। হুলিয়ান আলভারেজ়, নিকোলাস ট্যাগলিয়াফিকো, পারেদেসরাও বেশিক্ষণ থাকতে পারেন মাঠে। তারা চোট সারিয়ে ফিরেছেন; ফলে তাদের ম্যাচের জন্য ফিট হিসেবে গড়ে নিতে চাইবেন স্ক্যালোনি। আগের ম্যাচে চোট পেয়ে উঠে যাওয়া ক্রিশ্চিয়ান রোমেরোকোও বিশ্রাম দেওয়া হতে পারে। তার বদলে শুরু থেকে খেলতে পারেন নিকোলাস ওতামেন্ডি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: